বয়স মাত্র ১১। কিন্তু হাতের কারসাজিতে সে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এই কিশোরের নাম কেলেব হান্টার। সম্প্রতি এক বিশেষ ধরনের জাগলিং যন্ত্র পিন্ডালু ব্যবহার করে মাত্র ৩০ সেকেন্ডে ৫১ বার বল ঘুরিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে সে।
গিনেস কর্তৃপক্ষ কেলেবকে ইতিমধ্যে রেকর্ডের স্বীকৃতিপত্র দিয়েছে।
জাগলিং হলো একই সঙ্গে দুই বা ততোধিক বস্তু (যেমন বল বা কমলা) শূন্যে ছুড়ে সেগুলো হাত দিয়ে সামলানোর দারুণ কসরত। এর মূল কৌশল হলো, কোনো বস্তুকে মাটিতে পড়তে না দিয়ে হাতের তালুতে ধরে দ্রুত আবার বাতাসে ছুড়ে দেওয়া। এভাবে একের পর এক বস্তু হাতের ছন্দে শূন্যে ভাসিয়ে একটি অবিচ্ছিন্ন চক্র তৈরি করাই হলো জাগলিং।
জাগলিংয়ের একটি নতুন ও আধুনিক রূপ পিন্ডালু। এটি মূলত ইংরেজি ইউ বর্ণের মতো দেখতে একটি প্লাস্টিকের টিউব। সাধারণ জাগলিংয়ে বল সরাসরি হাতে ধরতে হলেও, পিন্ডালুর ক্ষেত্রে বলটিকে টিউবের এক মুখ দিয়ে ঢুকিয়ে অন্য মুখ দিয়ে বের করে আবার লুফে নিতে হয়। এটি চোখের পলকে হাত ও শরীরের নিয়ন্ত্রণ বাড়ানোর এক চমৎকার খেলা।
কেলেব অনূর্ধ্ব-১৬ বিভাগে এ রেকর্ড গড়েছে। সম্প্রতি সংবাদমাধ্যম ইউপিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সে জানায়, রেকর্ড ভাঙা মোটেও সহজ ছিল না। দিনের পর দিন তাকে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতে হয়েছে।
কেলেব বলেছে, ‘অনুশীলনের সময় প্রায়ই দেখা যেত, ৩০ সেকেন্ড শেষ হওয়ার আগেই বল পড়ে যাচ্ছে। কিন্তু যখন রেকর্ডটি গড়লাম, তখন ঠিক ৩০ সে কেন্ড হওয়ার পরপরই বলটি পড়েছিল। সময়টা একদম নিখুঁত ছিল।’
কেলেব তার সাফল্যের কৃতিত্ব দিয়েছে তার বাবাকে। তার বাবাও একসময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকারী ছিলেন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ৬টি অঙ্গরাজ্যে সাইকেল চালিয়ে তিনি সেই রেকর্ড গড়েছিলেন। কেলেব বলেছে, ‘বাবার রেকর্ডটি পরে অন্য কেউ ভেঙে দিলেও ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল বাবার মতো একটি বিশ্ব রেকর্ড গড়ার।’