প্রতীকী ছবি, ছবি: এএফপি
প্রতীকী ছবি, ছবি: এএফপি

গবেষণা প্রতিবেদন

অতিরিক্ত কিছুই ভালো না, এমনকি অক্সিজেনও না

বিশুদ্ধ বাতাসে বুকভরে শ্বাস নিতে কে না চায়। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত অক্সিজেন শরীরের ক্ষতি করতে পারে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর গ্লাডস্টোন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের করা এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, অতিরিক্ত অক্সিজেন কোষের ক্ষতি করে। প্রয়োজনের অতিরিক্ত অক্সিজেন ব্যবহারের ক্ষতির দিক নিয়ে করা গবেষণাটি গত মাসে প্রকাশ করা হয়েছে।

মানুষের তো বটেই, অক্সিজেন দরকার হয় ব্যাকটেরিয়া ও বিভিন্ন প্রাণীর; এমনকি গাছপালারও অক্সিজেন দরকার হয়। এ অক্সিজেন থাকে মূলত বাতাসে। বায়ুমণ্ডলের ২০–২১ শতাংশ অক্সিজেন। এতে মানুষের প্রয়োজন মেটে। বাতাসে অক্সিজেন কমে এলে মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। বাতাসে অক্সিজেন কম থাকলে বা বাতাস থেকে প্রয়োজনমতো অক্সিজেন নিতে না পারলে রক্তে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। এ পরিস্থিতিকে বলা হয় হাইপোক্সেমিয়া। হাইপোক্সেমিয়া মৃত্যুর কারণ হতে পারে।

গ্লাডস্টোন ইনস্টিটিউটের গবেষকেরা বলছেন, বায়ুমণ্ডলে ২১ শতাংশের বেশি অক্সিজেনের উপস্থিতি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। গ্লাডস্টোন ইনস্টিটিউট একটি স্বাধীন ও অলাভজনক বায়োমেডিকেল গবেষণা সংস্থা। অতিরিক্ত অক্সিজেনের ব্যবহারবিষয়ক তাদের এ বৈজ্ঞানিক প্রবন্ধ গত মাসের প্রথমার্ধে মলিকুলার সেল নামের সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লোহায় যেমন মরিচা পড়ে, তেমনি অতিরিক্ত অক্সিজেনের কারণে মানুষের কোষে থাকা প্রোটিন বা আমিষের পরিবর্তন হয়। কোষের আমিষে লোহা ও গন্ধক থাকে।

গবেষকেরা পরীক্ষাগারে মানুষের কোষ নিয়ে গবেষণা করেছেন। কিছু কোষের ক্ষেত্রে বাতাসে ২১ শতাংশ অক্সিজেন ব্যবহার করেছেন। কিছু কোষের ক্ষেত্রে ব্যবহার করেছেন বাতাসে ৫০ শতাংশ অক্সিজেন। এরপর তাঁরা কোষের অতি ক্ষুদ্র অংশে কী পরিবর্তন হয়, তা দেখার চেষ্টা করেন।

গবেষকেরা বলছেন, লোহায় মরিচা ধরার মতো কোষের প্রোটিনেও মরিচা ধরার মতো পরিস্থিতি হয়। এর ফলে কোষের মানের অধঃপতন ঘটে। পরিণতিতে ঘুমের ব্যাঘাত ঘটে, হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয়।

প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন ব্যবহারের বিষয়টি বিজ্ঞানীদের নজরে আসছে মূলত কৃত্রিম অক্সিজেন বা মেডিকেল অক্সিজেনের ব্যবহার বৃদ্ধির কারণে। যন্ত্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন আলাদা করা হচ্ছে এবং সেই অক্সিজেন মানুষ ব্যবহার করছে। করোনা মহামারির সময় মেডিকেল অক্সিজেনের ব্যবহার বেড়েছে। অনেকের বাড়িতেও এখন অক্সিজেন তৈরির যন্ত্র আছে। তবে অনেকে মেডিকেল অক্সিজেনের ব্যবহার সঠিকভাবে জানেন না। পরিমাণমতো অক্সিজেন ব্যবহারের জন্য প্রশিক্ষণের দরকার হয়।

গবেষকেরা বাতাসে ৩০ শতাংশ অক্সিজেন দিয়েও পরীক্ষা চালিয়েছেন। তাতে কোষ অক্সিজেনযুক্ত (অক্সিডাইজড) হওয়ার প্রবণতা দেখা গেছে। অক্সিজেনযুক্ত হওয়ায় কোষ পুরোপুরি কাজ করে না।

অতিরিক্ত অক্সিজেন ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে সাম্প্রতিককালে অনেক গবেষণা হচ্ছে। তবে গ্লাডস্টোন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দাবি করেছেন, অতিরিক্ত অক্সিজেন ব্যবহারের কারণে কোষের পরিবর্তন নিয়ে এ ধরনের গবেষণা এটাই প্রথম।