
ইতালির রোমের ঐতিহাসিক স্থাপনা সেন্ট পিটার্স ব্যাসিলিকা। প্রতিবছর দেশি-বিদেশি অসংখ্য দর্শনার্থী আইকনিক এই স্থাপনা দেখতে রোম ভ্রমণ করেন। ১৫০৬ সালের এ দিনে নির্মাণকাজ শুরু হয় স্থাপনাটির। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পোপ দ্বিতীয় জুলিয়াস। স্থপতি দোনাতো ব্রামান্তের নকশা করা স্থাপনাটির নির্মাণকাজ শেষ হয় দেড় শ বছর পর।
যুক্তরাষ্ট্রের জনবহুল সান ফ্রান্সিসকো শহরে ১৯০৬ সালের এ দিনে ভয়াবহ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯। ভূমিকম্পে শহরটির বেশির ভাগ ধ্বংস হয়ে যায়। প্রাণ যায় ৩ হাজারের বেশি মানুষের।
কমিক বুকের আইকনিক একটি চরিত্র সুপারম্যান। বইয়ের পাতা থেকে সিনেমার পর্দা—সবখানে তুমুল জনপ্রিয় সুপারম্যান। বিশ্বজুড়ে ছেলে-বুড়ো অনেকেই এই সুপারহিরোর ভক্ত। ১৯৩৮ সালের এ দিনে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রকাশিত হয় সুপারম্যানের কমিক বুক ‘অ্যাকশন কমিকস #১’। জেরি সিয়েগেল ও জো সুস্টারের লেখা কমিকটি দ্রুত জনপ্রিয়তা পায়। এরপর আর ফিরে তাকাতে হয়নি। পরের গল্পটা বিশ্বজয়ের।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রথম চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন জেমস ম্যাককুনে স্মিথ। ১৮১৩ সালের এ দিনে একটি দাস পরিবারে ইতিহাস গড়া এই ব্যক্তির জন্ম।