বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২০ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

২০০৫ সালের ২০ জুন, যুক্তরাজ্যের লন্ডন শহর। সেখানকার একটি নিলামঘরে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে তিনটি চিত্রকর্ম। রেকর্ড ১৪ হাজার পাউন্ডে এসব চিত্রকর্ম বিক্রি হয়। মজার বিষয় হলো, এসব চিত্রকর্ম কোনো মানুষের আঁকা নয়। বরং ‘কঙ্গো’ নামের এক শিম্পাঞ্জি চিত্রকর্মগুলোর মূল কারিগর।
জানা যায়, মাত্র দুই বছর বয়সে ওই শিম্পাঞ্জিকে একটি পেনসিল এক টুকরা কাগজ দেওয়া হয়। এরপর প্রাণীটি ধীরে ধীরে ছবি আঁকার কৌশল রপ্ত করে। ১৯৫৪ সালে জন্ম নেওয়া কঙ্গো মারা যায় ১৯৬৪ সালে।
জার্মানির উত্তরাঞ্চলে কিয়েল খালের অবস্থান। বর্তমান বিশ্বের মানুষের তৈরি অন্যতম ব্যস্ত খাল এটি। অসংখ্য নৌযান এ খাল দিয়ে চলাচল করে। ১৮৯৫ সালের ২০ জুন কিয়েল খাল উদ্বোধন করা হয়েছিল।
সময়টা ১৯৪৪ সালের ২০ জুন। মহাকাশে প্রথমবারের মতো প্রবেশ করে একটি জার্মান এ–৪ রকেট। এটিই মানুষের তৈরি প্রথম কোনো বস্তু যেটি মহাকাশে গিয়েছিল। ভূপৃষ্ঠ থেকে ১৭৬ কিলোমিটার বা প্রায় ১০৯ মাইল ওপরে উঠতে সক্ষম হয়েছিল রকেটটি।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অভিনেত্রী নিকোল কিডম্যান। ‘লায়ন’, ‘পেডিংটন’, ‘দ্য গোল্ডেন কম্পাস’–এর মতো হলিউডের জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন এই শিল্পী। আজ নিকোল কিডম্যানের জন্মদিন। ১৯৬৭ সালে জন্ম নেন জনপ্রিয় এই তারকা।