চীনের অর্থনৈতিক অগ্রগতির পথিকৃৎ জিয়াং জেমিনের মৃত্যু

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন
ছবি: রয়টার্স

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। আজ বুধবার দুপুরের পর নিজ শহর সাংহাইয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৮৯ সালে তিয়েনআনমেন বিক্ষোভের পর চীনের নেতৃত্বে আসেন জিয়াং জেমিন। তাঁর আমলেই চীনে দ্রুত অর্থনৈতিক অগ্রগতির যাত্রা শুরু হয়েছিল।    

জিয়াং জেমিন ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দেশটির সর্বোচ্চ পদ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন ১৯৮৯ সাল থেকেই। তিনি ২০০২ সালে কমিউনিস্ট পার্টির প্রধানের দায়িত্ব দেশটির সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওয়ের কাছে হস্তান্তর করেন। তবে সামরিক বাহিনীর প্রধানের দায়িত্ব ছাড়েন ২০০৪ সালে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, জিয়াং লিউকোমিয়ায় ভুগছিলেন। তাঁর শরীরের একাধিক অঙ্গ কাজ করছিল না। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি, পার্লামেন্ট, মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর পক্ষ থেকে জনগণের উদ্দেশে লেখা এক চিঠিতে জিয়াং জেমিনের মৃত্যুর কথা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ‘কমরেড জিয়াং জেমিনের মৃত্যু আমাদের দল, আমাদের সামরিক বাহিনী ও আমাদের সব জাতিগোষ্ঠীর মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

চিঠিতে সাবেক এই প্রেসিডেন্টকে উচ্চ মর্যাদাসম্পন্ন একজন অসামান্য নেতা, মহান মার্ক্সবাদী, রাষ্ট্রনায়ক, সামরিক কৌশলবিদ ও কূটনীতিক এবং দীর্ঘ পরীক্ষিত কমিউনিস্ট যোদ্ধা হিসেবে অভিহিত করা হয়।

সরকার ও দলের সব ধরনের দায়িত্ব থেকে ২০০৪ সালে অবসরে যান জিয়াং। এরপরও তিনি প্রভাবশালী ছিলেন। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো ব্যবহারকারীদের অনেকে তাঁর মৃত্যুকে ‘একটি যুগের অবসান’ হিসেবে বর্ণনা করছেন। হেনান প্রদেশের একজন লিখেছেন, ‘আমি খুবই শোকাহত। শুধু তাঁর মৃত্যুর জন্যই নয়, বরং আমার মনে হচ্ছে একটি যুগের ইতি ঘটেছে।’

গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর ১৯৮৯ সালে তিয়েনআনমেনে রক্তাক্ত দমন-পীড়ন চালানো হয়। এরপর অনেকটা আড়ালে থেকে তুলে এনে জিয়াংকে চীনের কমিউনিস্ট পার্টির প্রধান করা হয়।

তিয়েনআনমেন ঘটনার পর কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়ে চীন। দেশটিকে ওই অবস্থা থেকে বের করে আনেন জিয়াং জেমিন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেন। তাঁর নেতৃত্বে নজিরবিহীন এক অর্থনৈতিক উত্থান দেখে চীন।