ইতিহাসের এই দিনে

তাপমাত্রা ওঠে ৫৬ দশমিক ৭ ডিগ্রি

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১০ জুলাই। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রচণ্ড গরমের জন্য ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির পরিচিতি রয়েছে
ফাইল ছবি: রয়টার্স

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালির। প্রচণ্ড গরমের জন্য ক্যালিফোর্নিয়ার এই মরু এলাকার পরিচিতি রয়েছে। ১৯১৩ সালের ১০ জুলাই ডেথ ভ্যালি সবচেয়ে বেশি উষ্ণ হয়ে ওঠে। ওই দিন এই এলাকার তাপমাত্রা ওঠে ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বা ১৩৪ ডিগ্রি ফারেনহাইট। ডেথ ভ্যালিতে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড।

৩৩ ফুট লম্বা ডাইনোসরের ফসিল উদ্ধার

সময়টা ২০১৮ সালের ১০ জুলাই। আর্জেন্টিনায় বিশাল একটি ডাইনোসরের ফসিল উদ্ধার করা হয়। আকারে এটি প্রায় ৩৩ ফুট বা ১০ মিটার লম্বা, ওজন প্রায় ৯ টন। ধারণা করা হয়, ২০ কোটি বছর আগে এই ডাইনোসর জীবিত ছিল। সমসাময়িক অন্যান্য ডাইনোসরের ফসিলের তুলনায় এটি প্রায় তিন গুণ বড়।

পেটেন্ট পায় পলিথিন ব্যাগ

বিভিন্ন বিতর্ক-সমালোচনার পরও বিশ্বের বিভিন্ন প্রান্তে নিত্যদিনের কাজে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ

বিতর্ক-সমালোচনার পরও বিশ্বের বিভিন্ন প্রান্তে নিত্যদিনের কাজে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। ১৯৬২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে হাতলযুক্ত পলিথিন ব্যাগের পেটেন্টের আবেদন করা হয়। পরবর্তী সময় এই ব্যাগ বিশ্বজুড়ে কাগজের ব্যাগের ব্যবহার কমিয়ে দেয়।

কুকুরের অসীম সাহসিকতা

১৯৪৩ সালের ১০ জুলাই। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ইতালির সিসিলিতে মার্কিন সামরিক বাহিনীর একটি কুকুর অসীম সাহসিকতার পরিচয় দেয়। কুকুরটির নাম চিপস। মেশিনগানের মুখেও ভয় না পেয়ে ইতালীয় সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। এই কুকুরের সাহসী আক্রমণের মুখে ইতালির সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরবর্তীকালে মার্কিন সামরিক বাহিনীতে সাহসিকতা ও নিজের প্লাটুনকে রক্ষার জন্য পুরস্কৃত হয় কুকুরটি।