ঠাকুরগাঁওয়ে ট্রেনের টিকিট কালোবাজারির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ট্রেনের টিকিট কালোবাজারি ও রেলেল অনিয়ম বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ। আজ বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি ও রেলের অনিয়ম বন্ধ এবং আসনসংখ্যা বৃদ্ধির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের চৌরাস্তায় ‘ঠাকুরগাঁওয়ের সচেতন নাগরিক ও ভুক্তভোগী রেলযাত্রীবৃন্দ’-এর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির প্রতিবাদে একাত্মতা জানিয়ে জেলা সিপিবির সদস্য আহসানুল হাবিব সমাবেশে বলেন, শুধু ঠাকুরগাঁও রোড রেলস্টেশন নয়, দেশের সব স্টেশনেই টিকিট কালোবাজারির সঙ্গে একটা শক্তিশালী সিন্ডিকেট জড়িয়ে রয়েছে। রেলের অব্যবস্থাপনা নিরসন করতে হবে। সারা দেশেই টিকিট কালোবাজারি বন্ধ করতে হবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের জন্য রেলের আসনসংখ্যা বাড়াতে হবে।

আরও পড়ুন

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান, সদর উপজেলা সিপিবির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, সংস্কৃতিকর্মী মাসুদ আহমেদ, আজমত রানা, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক প্রমুখ।
সদর উপজেলা সিপিবির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন বলেন, স্টেশনের কাউন্টারে টিকিট পাওয়া যায় না। অথচ কালোবাজারে চড়া মূল্যে টিকিট বিক্রি হয়। এতে যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে।

আরও পড়ুন

আজমত রানা বলেন, ‘সম্প্রতি ঢাকায় যাওয়ার জন্য ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে টিকিট কাটতে যাই। সারির পাঁচ নম্বরে দাঁড়িয়েও আমি টিকিট পাইনি। পরের দিন কাউন্টার খোলার পাঁচ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। লোকজনকে নিয়ে ঘটনাটির প্রতিবাদ করায় কাউন্টারের ভেতর থেকে এক ব্যক্তি সে সময় আমাকে একটি টিকিট ধরিয়ে দেন। এ ঘটনা থেকে আমি নিশ্চিত হই, ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সঙ্গে কর্তৃপক্ষ জড়িত।’

আরও পড়ুন

সংস্কৃতিকর্মী মাসুদ আহমেদ বলেন, ‘ঠাকুরগাঁও রেলস্টেশনে টিকিট কালোবাজারির সিন্ডিকেট এত শক্তিশালী যে বারবার প্রতিবাদ করেও টিকিটের কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধ করা যাচ্ছে না। ৫২০ টাকার টিকিট যাত্রীদের জিম্মি করে দেড় হাজার থেকে দুই হাজার টাকায় বিক্রি করছে কালোবাজারিরা। প্রতিদিন একই ব্যক্তিরা স্টেশনের কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়ে কালোবাজারে বিক্রি করছেন। কিন্তু তাঁদের চিহ্নিত করতে পারছে না রেল কর্তৃপক্ষ। আমরা এসব অনিয়মের প্রতিকার চাই। অন্যথায় কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।’

আরও পড়ুন

ঘণ্টাব্যাপী চলা এই সমাবেশে বক্তারা আরও বলেন, লোকাল ট্রেন চললেও ঠাকুরগাঁওয়ে আগে কোনো আন্তনগর ট্রেন চলাচল করত না। দিনাজপুরে গিয়ে ঢাকার ট্রেনে উঠতে হতো। ঠাকুরগাঁও থেকে ট্রেনে সরাসরি ঢাকা যাওয়ার দাবিতে ঠাকুরগাঁওবাসী আন্দোলন করেছেন। এরপর একে একে একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেসসহ পাঁচটি আন্তনগর ট্রেন পেয়েছি। কিন্তু এখন কাউন্টারে গিয়ে যাত্রীরা টিকিট পাচ্ছেন না। সব টিকিট কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে। একেকটি টিকিট তিন-চার গুণ বেশি দামে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের মাস্টার আক্তারুল ইসলাম বলেন, স্টেশনের কেউ কালোবাজারে টিকিট বিক্রির সঙ্গে সম্পৃক্ত নন। যাঁরা টিকিট কালোবাজারে বিক্রি করছেন, তাঁরা অন্য কোনোভাবে সংগ্রহ করে থাকেন।