নতুন বিশ্বযুদ্ধ কড়া নাড়ছে

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলার পরের দৃশ্যরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দশক থেকে যুদ্ধকে অনিবার্য বলে মেনে নেওয়া শুরু হয়েছে। ইউক্রেন থেকে শুরু করে লেবানন ও ইরান পর্যন্ত আগ্রাসী যুদ্ধ ক্রমে বেড়ে চলেছে। সরকারগুলো ক্রমেই যুদ্ধের জন্য বাজেট বরাদ্দ রাখা এবং প্রস্তুতি নেওয়া জরুরি বলে মনে করছে।

যুদ্ধকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়ার চেয়ে বিপজ্জনক আর কিছুই হতে পারে না। এটি মানব–ইতিহাসের দীর্ঘ সময় ধরে চলে আসা সেই পুরোনো নিয়মে ফিরে যাওয়ারই নামান্তর, যখন যুদ্ধই ছিল আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক নীতি।

তবু বিশ শতকের প্রথমার্ধে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞ সেই পুরোনো ব্যবস্থাকে অগ্রহণযোগ্য করে তুলেছিল। যুদ্ধকে রাষ্ট্র পরিচালনার একটি বৈধ হাতিয়ারের বদলে একটি বেআইনি কর্মকাণ্ডে পরিণত করার লক্ষ্যে দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। এরপর যুদ্ধ শেষ হয়ে যায়নি ঠিকই, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাত।

তবে সম্প্রতি সরকারগুলোর এই অঙ্গীকার দুর্বল হয়ে পড়েছে। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের প্রতিবাদে শত শত শহরের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে এসেছিল, তবু যুদ্ধ থামেনি। মিথ্যা অজুহাতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো সেই যুদ্ধ ইরাকে ধ্বংস ডেকে এনেছিল, আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়িয়েছিল এবং পশ্চিমা দেশগুলোর প্রতি ক্ষোভ ও সন্ত্রাসবাদকে উসকে দিয়েছিল।

আরও পড়ুন
আরও পড়ুন

সেই সংঘাত ছিল একটি বড় বাঁকবদল।

এই পথের শেষ প্রান্তে অপেক্ষা করছে আরেকটি বিশ্বযুদ্ধ—সেই মহাবিপর্যয়, যা প্রতিরোধ করার জন্যই বিশ শতকের বিশ্বব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।

এই মুহূর্তে আমার নিজের দেশ স্পেনসহ প্রতিটি দেশের দায়িত্ব হলো এমন সরাসরি পদক্ষেপ নেওয়া, যা যুদ্ধ বাধানোর সক্ষমতাকে সীমিত করতে পারে।

এই প্রকল্পের সাফল্য নির্ভর করবে এক বিস্তৃত বহুপক্ষীয়তাবাদের ওপর, যাকে আমি বলি ‘ম্যাক্সিল্যাটারালিজম’ (সর্বব্যাপী বহুপক্ষীয়তা)। অর্থাৎ ছোট ও সাময়িক জোটের মধ্যে সীমাবদ্ধ না থেকে যত বেশি সম্ভব দেশকে সঙ্গে নিয়ে সহযোগিতা গড়ে তোলা। এর লক্ষ্য হলো যুদ্ধকে ক্রমে অবাস্তব, এমনকি অকল্পনীয় করে তোলা।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ পাঁচ বছরে গড়িয়েছে
ফাইল ছবি: রয়টার্স

উত্তেজনা বিপজ্জনক বৃদ্ধি

যুদ্ধকে প্রত্যাখ্যান করার আন্তর্জাতিক প্রচেষ্টার সূত্রপাত ঘটেছিল ১৯২৮ সালের ‘কেলগ-ব্রিয়ান্ড চুক্তি’-র মাধ্যমে। এতে ১৫টি দেশ স্বাক্ষর করেছিল এবং পরে আরও ডজনখানেক দেশ এতে যোগ দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে এটি যথেষ্ট না হলেও এটি শান্তির বীজ বপন করেছিল।

১৯৪৫ সালে ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ গঠনের জন্য সান ফ্রান্সিসকোতে সমবেত হয়ে কেলগ-ব্রিয়ান্ড চুক্তির চেতনা ও নীতিগুলোকে পুনরুজ্জীবিত করেন এবং সেগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। জাতিসংঘ সনদে অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি নিষিদ্ধ করা হয়।

পরবর্তী দশকগুলোয় এই প্রতিষ্ঠানগুলো এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যা আইন লঙ্ঘনকারীদের শাস্তি দিত এবং কূটনীতি ও সহযোগিতার জন্য উৎসাহ জোগাত। একই সময়ে বিশ্বজুড়ে যুদ্ধের বিরুদ্ধে জনমতও শক্তিশালী হচ্ছিল। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ এবং পারমাণবিক অস্ত্রবিরোধী গণ–আন্দোলনে স্নায়ুযুদ্ধের সামরিকবাদের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ স্পষ্ট হয়ে উঠেছিল।

কিন্তু আজ ১৯৪৬ সালের পর যেকোনো সময়ের চেয়ে বেশি সশস্ত্র সংঘাত চলছে। ‘উপসালা কনফ্লিক্ট ডেটা প্রোগ্রাম’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সরকারগুলো ৬৫টি সক্রিয় সংঘাতে জড়িত ছিল। এটা ২০১০ সালের সংখ্যার দ্বিগুণ। বিশ্বজুড়ে প্রায় ১২ কোটি মানুষ যুদ্ধের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন
আরও পড়ুন

আগ্রাসী যুদ্ধ আবার ফিরে এসেছে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। আর লেবানন, সুদান ও ইয়েমেনের মতো জায়গায় বছরের পর বছর ধরে লড়াই চলছে।

এই প্রবণতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সামাজিক ও উন্নয়নমূলক ব্যয় কমিয়ে সামরিক বাজেট এমন পর্যায়ে পৌঁছেছে, যা কয়েক প্রজন্মের মধ্যে দেখা যায়নি। কেবল গত এক দশকেই বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয় ৪০ শতাংশের বেশি বেড়েছে এবং অনেক দেশ তাদের সামরিক বাজেট দ্বিগুণ করেছে। এমনকি ডেনমার্ক, জার্মানি, জাপান ও নরওয়ের মতো সামরিক সংযমের দীর্ঘ ঐতিহ্য থাকা দেশগুলোও দ্রুতগতিতে অস্ত্রসজ্জিত হচ্ছে। কেউ কেউ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কর্মসূচিও পুনরায় চালু করছে।

পারমাণবিক যুদ্ধের নতুন হুমকি আরও বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক অস্ত্রধারী নয়টি দেশই তাদের অস্ত্রভান্ডার আধুনিকায়ন করছে এবং ধ্বংসাত্মক ক্ষমতা বাড়াচ্ছে। বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের কৌশলগত অস্ত্রভান্ডার সীমিত রাখার সর্বশেষ চুক্তিটিও রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আর পারমাণবিক শক্তিধর নয়—এমন দেশের সংখ্যাও বাড়ছে, যারা এখন নিজস্ব পারমাণবিক অস্ত্রভান্ডার গড়ে তোলার কথা ভাবছে।

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুদ্ধের অস্ত্রগুলোকে আরও বিপজ্জনক করে তুলছে। বিদ্যুৎ গ্রিড, হাসপাতাল ও আর্থিক ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলা স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার সুযোগ তৈরি হওয়ায় মানুষের তদারকি ক্রমে কমে আসছে। পারমাণবিক প্রযুক্তিতে এআইয়ের সংযোজন এক অস্তিত্বগত হুমকি তৈরি করেছে।

এই সবকিছু মিলে যেকোনো সংকট দ্রুত পুরো পৃথিবী ধ্বংসের দিকে গড়ানোর আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। দেশগুলো অবিশ্বাস্য গতিতে ধ্বংসের হাতিয়ার তৈরি করছে, অথচ সেগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা এগোচ্ছে কূটনীতির অত্যন্ত ধীরগতিতে।

স্পেনের প্রধামন্ত্রী পেদ্রো সানচেজ
রয়টার্স

যুদ্ধ কোনো সমাধান নয়

রাজনৈতিক পরিবর্তন বিশ্বকে শান্তি থেকে দূরে সরিয়ে সংঘাত ও সামরিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে। পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে; আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা আক্রমণাত্মক পররাষ্ট্রনীতিকে উৎসাহিত করছে এবং স্থিতাবস্থাবিরোধী রাষ্ট্রগুলো প্রতিষ্ঠিত নিয়ম ও সীমানাকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটছে এবং অতি ডানপন্থী আন্দোলনগুলো এমন এক বিশ্বদৃষ্টিভঙ্গি প্রচার করছে, যেখানে আন্তর্জাতিক সম্পর্ককে ‘জিরো-সাম গেম’ হিসেবে দেখা হয় এবং দেশগুলোকে সহযোগিতার বদলে প্রতিযোগিতায় নামতে হয়। এমনকি মধ্যপন্থী নেতারাও যুদ্ধপ্রস্তুতির ভাষায় কথা বলছেন।

যুদ্ধকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়ার প্রবণতা প্রতিরোধ করার দায়িত্ব পুরো বিশ্বের। নীরব থাকা মানে কাপুরুষতা ও অপরাধের সহযোগী হওয়া। স্প্যানিশ সমাজ তাদের অবস্থান স্পষ্ট করছে—প্রতি চারজন স্প্যানিশ নাগরিকের মধ্যে তিনজন যুদ্ধকে তাঁদের সবচেয়ে বড় ভয় হিসেবে চিহ্নিত করেছেন এবং এর চেয়েও বেশি মানুষ বিশ্বাস করেন যে আরেকটি বিশ্বযুদ্ধ আসন্ন।

এ প্রেক্ষাপটে আগ্রাসী যুদ্ধগুলোকে প্রয়োজনীয়তা, মুক্তি, আত্মরক্ষা কিংবা ঐতিহাসিক ন্যায়বিচারের মোড়কে উপস্থাপন করা হয়। আক্রমণকারীরা তাদের লক্ষ্যবস্তুকে দানব হিসেবে চিত্রিত করে এবং আগাম হামলার যৌক্তিকতা দেখিয়ে তাদের সামরিক অভিযানকে অনিবার্য বলে দাবি করে। তারা প্রতিটি যুদ্ধকে দেখে নিরাপত্তাহীনতার জবাব হিসেবে, যেন সব যুদ্ধ শেষ করার জন্যই এ যুদ্ধ।

কিন্তু এসব যুদ্ধ বিশ্বকে নিরাপদ করবে না। কোনো রাষ্ট্র যখনই আগ্রাসী যুদ্ধে লিপ্ত হয়, তখনই তা এমন সব নীতিমালাকে দুর্বল করে দেয়, যা খোদ আক্রমণকারী দেশসহ সব দেশকে নির্বিচার বলপ্রয়োগের হাত থেকে রক্ষা করে।

যুদ্ধের মূল্য অত্যন্ত চড়া। এটি সমাজকে ভেঙে দেয় এবং মানুষের জীবনকে বিপর্যস্ত করে। অর্থনৈতিক ক্ষতিও বিশাল। যুদ্ধ নতুন বিপদও ডেকে আনে। একবার লড়াই শুরু হলে এর গতিপথ আর নিয়ন্ত্রণে থাকে না। সংঘাত নতুন পক্ষগুলোকে টেনে আনে এবং প্রতিবেশী দেশগুলোয় ছড়িয়ে পড়ে। ইরানের যুদ্ধ আবারও এর একটি বড় উদাহরণ। সবশেষে যুদ্ধ খুব কমই স্থায়ী শান্তি বয়ে আনে; বরং এটি ক্ষোভকে আরও গভীর করে এবং এমন বিভেদ তৈরি করে, যা ভবিষ্যতের সহিংসতাকে ইন্ধন জোগায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ছবি: রয়টার্স

যেভাবে যুদ্ধের বিরোধিতা করতে হবে

যুদ্ধকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়ার প্রবণতা প্রতিরোধ করার দায়িত্ব পুরো বিশ্বের। নীরব থাকা মানে কাপুরুষতা ও অপরাধের সহযোগী হওয়া। স্প্যানিশ সমাজ তাদের অবস্থান স্পষ্ট করছে—প্রতি চারজন স্প্যানিশ নাগরিকের মধ্যে তিনজন যুদ্ধকে তাঁদের সবচেয়ে বড় ভয় হিসেবে চিহ্নিত করেছেন এবং এর চেয়েও বেশি মানুষ বিশ্বাস করেন যে আরেকটি বিশ্বযুদ্ধ আসন্ন।

কিন্তু কেবল নীতিগতভাবে যুদ্ধের নিন্দা জানানোই যথেষ্ট নয়। যুদ্ধ বন্ধ করার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে এমন বাস্তব পদক্ষেপ নিতে হবে, যা দেশগুলোর জন্য সশস্ত্র সংঘাত শুরু করা, টিকিয়ে রাখা এবং ন্যায্যতা দেওয়া ক্রমে কঠিন করে তোলে।

স্পেন তেমন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা এবং পেশিশক্তিনির্ভর ব্যবস্থার মাঝখানে দাঁড়িয়ে থাকা আন্তর্জাতিক আইনগুলোকে স্পেন রক্ষা করেছে। গাজায় যুদ্ধের প্রথম দিন থেকেই স্পেন অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং বাধাহীন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

আরও পড়ুন
আরও পড়ুন

যুদ্ধ প্রতিহত করতে হলে আগ্রাসনের মূল্যও বাড়াতে হবে। বাকি বিশ্বকে নিশ্চিত করতে হবে যে যারা যুদ্ধ বাধানোর পথ বেছে নেয়, তারা যেন বিনা মূল্যে পার না পায়। উদাহরণস্বরূপ, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা স্পেন ধারাবাহিকভাবে সমর্থন করেছে।

যুদ্ধরত পক্ষগুলোকে চলমান সংঘাত সম্প্রসারণে সাহায্য করতে দেশগুলোকে অস্বীকৃতি জানাতে হবে। উদাহরণস্বরূপ, স্পেন ২০২৩ সাল থেকে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বজায় রেখেছে। এ বছর ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে স্পেনের ভূখণ্ড ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছে।

সমৃদ্ধিতে বিনিয়োগ করাও অপরিহার্য। সমাজ যখন সহনশীল হয়, বৈষম্য কমে আসে এবং নাগরিকেরা যখন সরকারি প্রতিষ্ঠানের ওপর ভরসা রাখতে পারে, তখনই নিরাপত্তা শক্তিশালী হয়। গত বছর ন্যাটোর প্রস্তাবিত জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা থেকে সরে আসার পেছনে স্পেনের এই উপলব্ধিই কাজ করেছিল। প্রতিরক্ষা ব্যয়কে যৌক্তিক পর্যায়ে রাখার মাধ্যমে স্পেন সামাজিক সুরক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় অতিরিক্ত বিনিয়োগ করার আর্থিক সক্ষমতা ধরে রেখেছে।

ইয়েমেনের দুবাব থেকে বাব আল–মানদেব নিয়ন্ত্রণে নেওয়ার পর হুতি যোদ্ধারা। ১৫ নভেম্বর ২০২৬, ইয়েমেন
ছবি: রয়টার্স

একটি সম্মিলিত প্রচেষ্টা 

তবু একটি দেশের একার প্রচেষ্টায় খুব বেশি দূর যাওয়া সম্ভব নয়। যুদ্ধের রসদ বন্ধ করতে হলে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। প্রয়োজন প্রকৃত বহুপক্ষীয়তাবাদের ওপর ভিত্তি করে একটি সম্মিলিত প্রচেষ্টা। এটিই একমাত্র কৌশল, যা আগেও কাজ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বহুপক্ষীয় ব্যবস্থা পুরো বিশ্বকে এক সুতোয় গেঁথেছিল।

এ ব্যবস্থাকে পুনরায় শক্তিশালী করা সহজ কাজ হবে না। ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং ব্যাপক অবিশ্বাস বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে। কেউ কেউ একতরফা পথ বেছে নিয়েছে এবং এমন সব লেনদেনভিত্তিক সমঝোতার পেছনে ছুটছে, যা শেষ পর্যন্ত অর্থনৈতিক ও রাজনৈতিক অভিজাতদেরই লাভবান করে, অথচ সংঘাতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে উপেক্ষা করে।

বহুপক্ষীয়তাবাদে হতাশ হয়ে অন্য দেশগুলো নিরাপত্তার নিশ্চয়তা দিতে কিংবা বাণিজ্য ও প্রযুক্তির বিষয়ে সাময়িক সমঝোতায় পৌঁছাতে বিভিন্ন ছোটখাটো জোট গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু এর সংকীর্ণতা ইতিমধ্যেই বিভক্ত আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও খণ্ডিত করে।

আমাদের প্রয়োজন ম্যাক্সিল্যাটারালিজম। আন্তর্জাতিক সহযোগিতা তখনই শক্তিশালী হয়, যখন তা সর্বজনীন হয় বা সর্বজনীন হওয়ার আকাঙ্ক্ষা রাখে। তারপরও বিশ্বের একটি অংশকে বহুপক্ষীয় প্রচেষ্টার বাইরে রেখে দেওয়া মানেই ভবিষ্যতের সংঘাতের বীজ বপন করা।

বিশ শতকের ব্যবস্থা নিখুঁত ছিল না। এর নিয়মগুলোর প্রয়োগ ছিল অসম, মানদণ্ডগুলো অসামঞ্জস্যপূর্ণভাবে মানা হতো এবং এর প্রক্রিয়াগুলো ছিল হতাশাজনকভাবে ধীর। কিন্তু এটি অনস্বীকার্য যে এ ব্যবস্থা না থাকলে বিশ্ব আজ আরও অনেক বেশি বিপজ্জনক হতো। এই পুরো প্রাতিষ্ঠানিক কাঠামো এখন ক্ষয়ে যাচ্ছে। অথচ এটি ছাড়া বিশ্ব শান্তি রক্ষার আশা করতে পারে না।

আরও পড়ুন
আরও পড়ুন

সংস্কারের ম্যান্ডেট

যুদ্ধকে ইতিহাসের পাতায় পাঠাতে হলে বৈশ্বিক প্রচারাভিযানের কেন্দ্রে থাকতে হবে বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা।

প্রথমত, জাতিসংঘ এবং ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলোয় প্রতিনিধিত্ব বাড়াতে হবে। আন্তর্জাতিক শান্তি রক্ষার প্রাথমিক দায়িত্ব যেহেতু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওপর ন্যস্ত, তাই এর কাঠামো হালনাগাদ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতাও কঠোরভাবে সীমিত করতে হবে, বিশেষ করে যখন নিরাপত্তা পরিষদ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের মতো গুরুতর বিষয়গুলো বিবেচনা করে। চূড়ান্তভাবে ভেটো প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা উচিত।

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও—বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকে—একই চেতনায় কাঠামোগত পরিবর্তন আনা উচিত। উভয় প্রতিষ্ঠানে ভোটাধিকারের বণ্টন এখনো বিশ শতকের অর্থনৈতিক ভারসাম্যের প্রতিফলন ঘটায় এবং প্রথা অনুযায়ী সব সময় একজন ইউরোপীয় আইএমএফের এবং একজন আমেরিকান বিশ্বব্যাংকের নেতৃত্ব দেন। এই প্রথার অবসান হওয়া উচিত।

আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার হলো পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি সীমিত করার আন্তর্জাতিক কাঠামোকে পুনরুজ্জীবিত করা। এর কিছুটা নির্ভর করে পারমাণবিক শক্তিধর দেশগুলোর ওপর। তবে বৃহত্তর প্রচেষ্টায় সব দেশের অংশগ্রহণ প্রয়োজন। পারমাণবিক শক্তিধর নয়—এমন দেশগুলোর উচিত নিজেরা পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করা। একই সঙ্গে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে অস্ত্র কমাতে ও কূটনৈতিক সুরক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণে উৎসাহিত করতে সব ধরনের কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করা।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রযুক্তি এ ক্ষেত্রে কিছুটা সাহায্য করতে পারে। স্যাটেলাইট ইমেজারি, রিমোট সেন্সর ও ডেটা অ্যানালিটিকসের অগ্রগতি স্বচ্ছতা বাড়াতে পারে এবং অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো মেনে চলা হচ্ছে কি না, তা আরও স্পষ্টভাবে পর্যবেক্ষণের সুযোগ করে দিতে পারে।

সর্বশেষ অগ্রাধিকার হলো আন্তর্জাতিক বিচারব্যবস্থা যাতে আদালতের রায় কার্যকর করতে পারে, তা নিশ্চিত করা। কিছু দেশ যেমনটা করার চেষ্টা করছে, সেভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) অকার্যকর করে দিলে বিশ্বের জঘন্যতম অপরাধগুলো কেবল বিনা বিচারেই পার পেয়ে যাবে। আইসিসি কর্তৃক অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়দানকারী রাষ্ট্রগুলোকে আইনি, কূটনৈতিক ও আর্থিক পরিণতির মুখোমুখি হতে হবে। যুদ্ধ শুরু করা এবং চালিয়ে যাওয়ার জন্য চড়া মূল্য দিতে হবে।

আইনি নীতিমালা এবং প্রকৃত বহুপক্ষীয়তাবাদের পেছনে বিশ্বকে ঐক্যবদ্ধ করার একটি বৃহত্তর প্রকল্পকে অবাস্তব মনে হতে পারে, কিন্তু যুদ্ধকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া মানবতাকে কীভাবে নরকে টেনে নামায়, তা আমরা দেখেছি। আমাদের প্রজন্মের সামনে প্রশ্ন হলো, আমরা কি আইনের শাসন রক্ষা করব, নাকি পেশিশক্তির শাসনে ফিরে যাওয়ার সুযোগ দেব?

যুদ্ধকে অকল্পনীয় করে তোলা

যুদ্ধের দিকে বিশ্বের এই যাত্রা থামাতে হলে সম্ভাব্য সর্বোচ্চ পর্যায়ের অঙ্গীকার প্রয়োজন। ছোট-বড় সব দেশকেই চোখ ফিরিয়ে নেওয়া কিংবা উত্তেজনা বৃদ্ধিকারী কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।

চূড়ান্তভাবে যা যুদ্ধকে অকল্পনীয় করে তুলবে, তা হলো একটি ইতিবাচক শান্তি এজেন্ডা, যা নিরাপত্তাহীনতার মূল কারণগুলো দূর করে। দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণ, লিঙ্গসমতা অগ্রসর করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং দুর্যোগ–সহনশীলতা বাড়ানোর প্রতিটি পদক্ষেপই সহিংসতা সৃষ্টিকারী পরিস্থিতিগুলোকে প্রশমিত করে।

আরও পড়ুন
আরও পড়ুন

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত, বড় পরিসরে এবং সহনীয় ব্যয়ে অর্থায়ন নিশ্চিত করতে হবে, যাতে কোনো উন্নয়নশীল দেশকে ঋণ পরিশোধ এবং নিজ দেশের জনগণের পেছনে বিনিয়োগের মধ্যে যেকোনো একটি বেছে নিতে বাধ্য হতে না হয়।

স্পেন তার পররাষ্ট্রনীতির কেন্দ্রে উন্নয়নকে স্থান দেওয়ার চেষ্টা করেছে। স্প্যানিশ সরকার জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) জোরালোভাবে সমর্থন করেছে। বহুপক্ষীয় প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে স্পেন জলবায়ু অর্থায়ন, বৈশ্বিক স্বাস্থ্য, লিঙ্গসমতা, খাদ্যনিরাপত্তা ও সামাজিক সুরক্ষা উদ্যোগগুলোয় সমর্থন দিয়েছে। এসব উন্নয়ননীতি মূলত শান্তি প্রতিষ্ঠারই নীতি।

আইনি নীতিমালা এবং প্রকৃত বহুপক্ষীয়তাবাদের পেছনে বিশ্বকে ঐক্যবদ্ধ করার একটি বৃহত্তর প্রকল্পকে অবাস্তব মনে হতে পারে, কিন্তু যুদ্ধকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া মানবতাকে কীভাবে নরকে টেনে নামায়, তা আমরা দেখেছি। আমাদের প্রজন্মের সামনে প্রশ্ন হলো, আমরা কি আইনের শাসন রক্ষা করব, নাকি পেশিশক্তির শাসনে ফিরে যাওয়ার সুযোগ দেব?

  • পেদ্রো সানচেজ স্পেনের প্রধানমন্ত্রী। ফরেন এফেয়ার্স থেকে সংক্ষেপে অনূদিত।