সিলেট সিটি করপোরেশনের চালু করা লেন দিয়ে গতকাল মঙ্গলবার রিকশা চলাচল নিয়ন্ত্রণ করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বেলা পৌনে ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত তিনি কোর্ট পয়েন্ট ও সুরমা পয়েন্ট পর্যন্ত লেন দিয়ে রিকশা চলাচল নিজে দাঁড়িয়ে থেকে তদারক করেন। সিলেটে নগর ভবনের সামনে থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত রাস্তার দুই দিকে রয়েছে রিকশা লেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ৩ মার্চ রিকশা লেন পদ্ধতি চালু করে সিটি করপোরেশন। এতে যানচলাচল নিয়ন্ত্রিত হয়, যানজটও কমে যায়। পরে ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তরের সমন্বয়ে রিকশা লেন স্থায়ী রূপ দেওয়া হয়। মেয়র জানান, রিকশা লেন নগরে একটি নতুন পদ্ধতি। সুফল পাওয়ায় এখন এ পদ্ধতি নগরের অন্যান্য রাস্তায়ও চালু করা হবে। এর আগে গত মঙ্গলবার মেয়র ফুটপাত দখলমুক্ত করতে নগরে নিজে অভিযানে অংশ নেন।