
ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। সেখান থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের হিসাবরক্ষকের দায়িত্বে এসেছিলেন তিনি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তাঁর ওই পদায়নের অনুমোদন না দিলেও সাত বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ৫ কোটি ৩৭ লাখ টাকার একটি বিল জালিয়াতির অভিযোগ উঠেছে।
তিনি মো. ফোরকান। গত ২৮ জুন জালিয়াতির বিষয়টি ধরা পড়ার পর তাঁকে পুলিশে দেওয়া হয়েছিল। পরে তাঁকে নিজের জিম্মায় নেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি। তিনি বিল জালিয়াতির ঘটনায় ফোরকানসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন। ফোরকানকে সব ধরনের দায়িত্ব থেকে সরিয়েও দিয়েছেন। জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
ফোরকান লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বদলি হয়ে এসেছিলেন ২০১৫ সালে। সে সময় চট্টগ্রামের সিভিল সার্জন ছিলেন সরফরাজ খান চৌধুরী। একই সঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ছিলেন। ফোরকান লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন। ২০১৫ সালের ২২ এপ্রিল সরফরাজ খান এক আদেশে ফোরকানকে জেনারেল হাসপাতালের হিসাবরক্ষকের শূন্যপদে (সবেতনে) পদায়ন করেন। এটা অপেক্ষাকৃত উচ্চতর পদ।
পরে ২০১৮ সালে ফোরকান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ থেকে হিসাবরক্ষক পদে পদোন্নতির আবেদন করেন। তখন হাসপাতালটির তৃতীয় শ্রেণির কর্মচারীদের বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন তখনকার চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক এ এম মুজিবুল হক। ২০১৮ সালের ১২ জুন অনুষ্ঠিত ওই সভায় বলা হয়, ‘ফোরকানের বিরুদ্ধে এখতিয়ার–বহির্ভূত কর্মকর্তার (সিভিল সার্জন) আদেশে বর্তমান কর্মস্থলে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নিজ বেতনে হিসাবরক্ষক পদে বহাল আদেশ হয়। তিনি ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বৈধ কর্মচারী নন মর্মে অভিযোগ রয়েছে। এ ছাড়া অন্যান্য আরও অভিযোগ চলমান থাকায় তাঁর পদোন্নতি বিবেচনা করা গেল না।’
তবে এরপরে ২০২০ সালে ফোরকান স্বাস্থ্য পরিচালককে ডিঙিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে আদেশ নিয়ে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে বর্তমানে চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, উপজেলার কাউকে জেনারেল হাসপাতালে বদলির এখতিয়ার সিভিল সার্জনের নেই। সিভিল সার্জনের পাশাপাশি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক পদটি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হতো তখন। জেনারেল হাসপাতালে কাউকে বদলি বা নিয়োগের এখতিয়ার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের এখতিয়ারে পড়ে। তখন ফোরকানকে কীভাবে বদলি করা হয়েছিল তা বোধগম্য নয়।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তখনকার সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
স্বাস্থ্য বিভাগে চাকরির পর থেকে ফোরকানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। কখনো আর্থিক এবং কখনো শৃঙ্খলাবিরোধী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাকরির বিধিমালা ভঙ্গ করার অপরাধে ২০১১ সালে তাঁকে মানবিক বিবেচনায় ক্ষমা প্রদর্শন করে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করেন তখনকার সিভিল সার্জন আবু তৈয়ব। তখন ফোরকান বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ছিলেন।
২০২১ সালে দুর্নীতি দমন কমিশন থেকে ফোরকানের বিরুদ্ধে একটি অভিযোগ তদন্তের আদেশ দেওয়া হয়েছিল। ওই তদন্ত কমিটির প্রধান ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আফতাবুল ইসলাম। কিন্তু ওই তদন্ত আলোর মুখ দেখেনি।
সর্বশেষ গত ২৮ জুন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে ৫ কোটি ৩৭ লাখ টাকার একটি বিল জালিয়াতির অভিযোগ ওঠে ফোরকানের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনিয়মের অভিযোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা স্থাপনের ৫ কোটি ৩৭ লাখ একটি বিল দীর্ঘ দিন ধরে আটকে ছিল। সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটার একটি ভুয়া স্মারক উপস্থাপন করে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে ৫ কোটি ৩৭ লাখ টাকার বিল জমা দেওয়া হয়েছিল। পরে জালিয়াতির বিষয়টি ধরা পড়লে ফোরকানকে পুলিশে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, ঠিকাদারের সঙ্গে যোগসাজশে ফোরকান এই ভুয়া বিল জমা দিয়েছিলেন।
এ ঘটনার পর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি ফোরকানসহ চারজনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর প্রথম আলোকে বলেন, ফোরকানকে যখন বদলি করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়েছে, তখন বিভাগীয় পরিচালক ছিলেন অন্যজন। জেনারেল হাসপাতালে কাউকে বদলির দায়িত্ব পরিচালকের হাতে। কিন্তু সিভিল সার্জন এক আদেশে তাঁকে এই পদে আনা হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে মো. ফোরকান প্রথম আলোকে বলেন, ‘সিভিল সার্জনের আদেশটি বৈধ। তাঁর আদেশে আমি লোহাগাড়া থেকে জেনারেল হাসপাতালে এসেছি। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আদেশে হিসাব রক্ষক চলতি দায়িত্বে যোগ দিয়েছি।’ বিল জালিয়াতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন ফোরকান।