বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র আশরাফুল আলমের (২২) খুনিদের গত দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার সাভারের আশুলিয়ার ইসলামনগর গ্রামের একটি বাসায় তিনি খুন হন। এ ব্যাপারে গতকাল বুধবার মামলা হয়েছে।
পুলিশের ধারণা, পারিবারিক দ্বন্দ্ব অথবা প্রণয়ঘটিত কারণে আশরাফুলকে হত্যা করা হতে পারে। এ কারণে পুলিশ তদন্তে এ দুটি বিষয়কে প্রাধান্য দিচ্ছে। ওই বাসায় বসবাসরত অন্য শিক্ষার্থীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, আশরাফুলের চাচা ইপলু মিয়া গতকাল হত্যা মামলা করেছেন। আশুলিয়া ও ধামরাই সার্কেলের এএসপি রাসেল শেখ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আশরাফুলের নিজ এলাকায় তাঁর পরিবারের সঙ্গে কারও দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। এ ছাড়া প্রণয়ঘটিত কারণে তাঁকে কেউ খুন করতে পারে।