পটুয়াখালী জেলায় নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে গলাচিপা উপজেলার দুজন রয়েছে। এই প্রথম গলাচিপায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো। অপর দুজন বাউফল উপজেলার। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৭।
ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল বুধবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।
পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় মোট ২৭ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুমকি উপজেলায় পাঁচজন, রাঙ্গাবালী উপজেলায় চারজন, দশমিনায় তিনজন, সদর উপজেলায় দুজন, বাউফলে ১০ জন, গলাচিপায় দুজন ও কলাপাড়ায় একজন। এদের মধ্যে মারা গেছে দুজন। মারা যাওয়া দুজনই পোশাক কারখানার কর্মী ছিলেন। একজনের বাড়ি দুমকি উপজেলায় এবং অপরজনের সদর উপজেলায়।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলায় মোট ৬৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৬৫ জনের পরীক্ষাগার থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। প্রতিবেদনে ২৭ জনের করোনা পজিটিভ এসেছে। করোনাভাইরাসে শনাক্ত ব্যক্তিদের জন্য পটুয়াখালীতে ৫০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আশা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম বলেন, সামগ্রিকভাবে দেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় পটুয়াখালী জেলা ১৯ এপ্রিল সন্ধ্যা ছয়টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার আবাসস্থলে নিরাপদে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।