আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস

গৃহশ্রমিকদের অধিকার প্রশ্নে শুধু নেই আর নেই

নির্যাতনের শিকার ফারজানা। ছবিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তোলা
ছবি: মানসুরা হোসাইন

গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তাঁরা শ্রমিক হিসেবে আইনি সুরক্ষা পাচ্ছেন না। সরকার গৃহশ্রমিকদের সুরক্ষায় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ প্রণয়ন করেছে। তবে নীতির বাস্তবায়ন নেই। এদিকে দেশে গৃহশ্রমিকদের সঠিক সংখ্যা জানারও নেই কোনো উপায়। গৃহশ্রমিকদের আইনি স্বীকৃতি ও তাঁদের নিয়ে শ্রমশক্তি জরিপে আলাদা পরিসংখ্যান না থাকায় জিডিপিতে এ জনগোষ্ঠীর অবদান কত তারও কোনো হিসাব নেই।

ঘরের চার দেয়ালের ভেতরে থাকা এই শ্রমিকদের কোনো বেতন কাঠামো নেই। মাতৃত্বকালীন ছুটি বা সাপ্তাহিক ছুটি নেই। নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। ঘরের ভেতর নির্যাতনের শিকার হলে দেখভাল করারও নেই কেউ। নির্যাতনের পর তাঁদের ক্ষতিপূরণ পাওয়ারও ব্যবস্থা নেই। এমনকি ঘুমানোর কোনো নির্দিষ্ট স্থান নেই। দেশের বাইরে বিভিন্ন দেশে কাজ করা গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ সংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন বা সনদটি বাংলাদেশ এ পর্যন্ত অনুসমর্থন করেনি।

এ রকমই এক পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস। ২০১২ সাল থেকে বাংলাদেশে দিবসটি বেসরকারিভাবে পালিত হচ্ছে।

অধিকারের প্রশ্নে ‘নেই’ এর সংখ্যা বেশি হওয়ায় গৃহশ্রমিকদের ওপর নির্যাতন থেমে নেই। যেহেতু সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শনের সুযোগ নেই তাই গৃহশ্রমিকদের নিয়োগকারীরাও নিয়ম–নীতির তেমন ভয় পান না। অবস্থা এমন যে কিছু নির্যাতনের ঘটনায় গৃহশ্রমিকের পরিবার মামলা করলেও শেষ পর্যন্ত তা টেকে না।

গত বছর ৩৮ জন গৃহকর্মী ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হন। তাঁদের মধ্যে ১২ জন নিহত হন, আত্মহত্যা করেন দুজন। আগের বছর অর্থাৎ ২০২০ সালে হত্যা ও নির্যাতনের শিকার হয়েছিলেন ৪৪ জন গৃহশ্রমিক, যাঁদের মধ্যে ২০ জন নিহত হয়েছিলেন।

গত ২৫ জানুয়ারি প্রথম আলোতে ‘মারের পর জখমে মরিচ লাগিয়ে দিত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে তখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গৃহশ্রমিক ফারজানা আক্তার (বয়স ১৫ থেকে ১৭ বছর) প্রথম আলোকে বলেছিল, টয়লেটে ঢুকিয়ে হাত-পা বেঁধে তাকে মার দেওয়া হতো। মারের পর জখমে লাগিয়ে দেওয়া হতো মরিচ। রাজধানীর এলিফ্যান্ট রোডের এক বাসায় চরম নির্যাতনের শিকার হওয়ার পর গত ১৭ জানুয়ারি রাতে পুলিশ সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।

ফারজানার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হাজরা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, মামলা চলছে। মেয়েটি নির্যাতনের শিকার তা প্রমাণে মেডিকেল সনদ এখনো পাওয়া যায়নি।

বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সমীক্ষা বলছে, গত বছর ৩৮ জন গৃহকর্মী ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হন। তাঁদের মধ্যে ১২ জন নিহত হন, আত্মহত্যা করেন দুজন। আগের বছর অর্থাৎ ২০২০ সালে হত্যা ও নির্যাতনের শিকার হয়েছিলেন ৪৪ জন গৃহশ্রমিক, যাঁদের মধ্যে ২০ জন নিহত হয়েছিলেন। আর চলতি বছরের মার্চ মাস পর্যন্ত নির্যাতনের শিকার ১২ জনের মধ্যে নিহত হয়েছেন তিনজন।

নির্যাতনের শিকার ফারজানা। ছবিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তোলা

গৃহশ্রমিকদের সঠিক পরিসংখ্যান না থাকলেও বিলসসহ বিভিন্ন প্রতিষ্ঠান বলছে, সংখ্যাটি ২০ লাখ ছাড়িয়েছে। গত বছর করা বিলসের জরিপ বলছে, ঢাকাসহ সারা দেশে যাঁরা গৃহকর্মী হিসেবে কাজ করেন, তাঁদের ৯৫ ভাগের বেশি নারী ও মেয়েশিশু। নিয়োগকারীর সঙ্গে ৯৯ শতাংশের বেশি গৃহশ্রমিকের কোনো লিখিত চুক্তি নেই। করোনাকালে ২৮ দশমিক ২ শতাংশ গৃহশ্রমিকের মজুরি কমেছে।

জীবনমান উন্নয়নে গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করা জরুরি। তাঁদের অধিকার সুরক্ষায় সরকার যে নীতিমালা করেছে তার বাস্তবায়ন করতে হবে।

গৃহশ্রমিকদের অধিকার রক্ষায় বিলসের পক্ষ থেকে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ বাস্তবায়নে একটি জাতীয় কর্মপরিকল্পনার খসড়া প্রণয়ন করে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। কর্মপরিকল্পনার একটি পরিবীক্ষণ কৌশল হস্তান্তর করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। বিলসের উদ্যোগে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন নিরীক্ষা এবং উত্তরণের উপায়’ শীর্ষক একটি গবেষণাও করা হয়েছে। ২০০৬ সাল থেকে ট্রেড ইউনিয়ন, মানবাধিকার সংগঠনসহ ৩৪টি সংগঠনের সমন্বয়ে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামের একটি মোর্চা কাজ করছে। বিলস এই মোর্চার সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করছে।

বিলসের পরিচালক ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্যসচিব নাজমা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, ‘গৃহশ্রমিকেরা শ্রমিক হিসেবেই আইনে স্বীকৃতি পাননি। একটি নীতি থাকলেও তার বাস্তবায়ন গতি খুবই ধীর। নীতি বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গঠিত কেন্দ্রীয় মনিটরিং সেলের এ পর্যন্ত সাতটি বৈঠক হয়েছে। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।’

বেসরকারি পর্যায়ে গৃহশ্রমিকদের জীবনমান উন্নয়নে কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক সংগঠন অক্সফামের সহায়তায় বিলস, ইউসেপ বাংলাদেশ, হ্যালোটাস্ক লিমিটেডসহ বিভিন্ন সংস্থা মিলে ঢাকা শহরের ১৬ হাজার নারী গৃহশ্রমিকের জীবনমান উন্নয়নে সুনীতি নামের একটি প্রকল্প পরিচালনা করছে। ২০১৯ সালের এপ্রিল থেকে শুরু হয়েছে প্রকল্পটি।

গৃহশ্রমিক খোঁজার অ্যাপস হ্যালোটাস্ক–এ গৃহকর্মীদের অনলাইন ডেটাবেইস ও অনলাইন জব প্লেসমেন্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। গণসাক্ষরতা অভিযান গৃহকর্মীদের জন্য একটি পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ মডিউল প্রণয়ন করেছে। রেডঅরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ৮ পর্বের একটি ধারাবাহিক নাটক ‘গৃহগল্প’ তৈরি করে বিভিন্ন বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন জায়গায় প্রচার করছে।

২০০০ সালে গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দেশের প্রথম সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছিল©জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আবুল হোসাইন বলেন, দেশে চলমান জনশুমারিতে যাতে গৃহশ্রমিকদের পরিসংখ্যান রাখা হয় সে দাবি জানানো হলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের প্রশ্নপত্রে বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। এখন এ শ্রমিকদের শ্রম আইনে স্বীকৃতি পাওয়া সবচেয়ে বেশি জরুরি।

জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী প্রথম আলোকে বলেন, শ্রম আইনের সংশোধন প্রক্রিয়া চলছে। এ আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্তির বিষয়টি মন্ত্রণালয় ইতিবাচকভাবে দেখছে। আশা করা যায়, বছরের শেষ দিকে গৃহশ্রমিকেরা এ আইনে অন্তর্ভুক্ত হবেন। তবে শুধু আইনে অন্তর্ভুক্ত করলেই হবে না, আইনে এই শ্রমিকদের ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ও দেখতে হবে। তিনি জানালেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়নেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।