তিন জুয়াড়ি কারাগারে

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তিন ব্যক্তিকে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলেন শহিদুল ইসলাম (২৫), গোলজার হোসেন (৪০) ও জয়নাল আবেদিন (৪২)। গত মঙ্গলবার দিবাগত রাতে ইউনিয়নের পাঠানটারী গ্রামে তাঁবু টানিয়ে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও জহুরুল ইসলাম পুলিশ নিয়ে অভিযান চালান। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে পুলিশ আটক করে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন বলেন, গতকাল বুধবার দুপুরে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।