পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুর গ্রামে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া ব্যক্তির নাম মোজাহার আলী ওরফে মিন্টু (৩২)। গতকাল বুধবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শফিকুল ইসলাম এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দেওয়ান মজলুল হক জানান, ২০০৬ সালে আসামি তাঁর প্রতিবেশী এক বাকপ্রতিবন্ধী নারীকে ঘরে ডেকে এনে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষিতার বাবা ঈশ্বরদী থানায় মোজাহার আলীকে আসামি করে একটি মামলা করেন। তিন মাস তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার সময় আসামি হাজির ছিলেন।