
নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে ৬ জুলাই দেশব্যাপী প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার দুপুরে নড়াইলের জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভার পর কেন্দ্রীয় নেতারা এই ঘোষণা দেন।
জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার, সিপিবির সম্পাদক রুহিন হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান ও কমিউনিস্ট লীগের সদস্য রনজিৎ চট্টোপাধ্যায়।
এ সময় বাম গণতান্ত্রিক জোটের নেতারা জেলা প্রশাসকের কাছে তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের ও এর নেপথ্য নায়কদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। স্বপন কুমার বিশ্বাসকে যথাযথ মর্যাদায় দ্রুত কলেজে ফিরিয়ে নেওয়া এবং আর যেন কেউ সাম্প্রদায়িক উসকানি না দেয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা।
জানতে চাইলে সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসক আমাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তবে সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি ওই দিনের পরিস্থিতিতে অসহায়ত্ব প্রকাশ করেছেন। জেলা প্রশাসক বলেছেন, “সেদিনের পরিস্থিতি খুবই কঠিন ছিল। আমরা চেয়েছিলাম বিনা রক্তপাতে অধ্যক্ষ ও ওই শিক্ষার্থীকে বের করে আনতে। যাঁরা গ্রেপ্তার হয়েছে, তাঁরা ছাড় পাবে না।” এর পরিপ্রেক্ষিতে ৬ জুলাই আমরা দেশব্যাপী প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশের ঘোষণা দিয়েছি।’
শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার শুরু একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। কলেজেরই একাদশ শ্রেণির এক শিক্ষার্থী ভারতের বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে ১৭ জুন পোস্টটি দিয়েছিলেন। পরদিন অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজের শিক্ষক, ওই শিক্ষার্থীর বাবা ও কলেজ পরিচালনা পরিষদের কয়েকজন সদস্যকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু শিক্ষার্থীকে নিয়ে যেতে পুলিশকে বাধা দেওয়া হয়। অপদস্থ করা হয় শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে।