অমর একুশের ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হলো না কুমিল্লার হরিশ্চর ইউনিয়ন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফখরুল ইসলাম সিরাজীর। গতকাল শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনি ও অজ্ঞাতনামা এক নারী নিহত হন। এ ছাড়া গতকাল টাঙ্গাইলের ভূঞাপুরে বাসচাপায় মোটরসাইকেলের আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। কুমিল্লা: পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সকাল সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ফখরুল ইসলাম। শিক্ষাপ্রতিষ্ঠানের অদূরে লাকসাম-লালমাই সড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফখরুল ইসলাম (৩৬) ও অজ্ঞাতনামা এক নারী (৩৮) ঘটনাস্থলে মারা যান। নিহত ফখরুল ইসলামের বাড়ি ওই উপজেলার ভৈষকপালিয়া গ্রামে।
টাঙ্গাইল: ভূঞাপুরে নিহত হয়েছেন ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের মো. জুয়েলের স্ত্রী মায়া বেগম (২৫) ও দুই বছরের ছেলে মিরাজ। ভূঞাপুর থানার ওসি মো. হারেচ আলী মিঞা জানান, যশোর সেনানিবাসে কর্মরত সেনাসদস্য জুয়েল দুই বছরের শিশুপুত্র ও স্ত্রীকে নিয়ে গতকাল দুপুরে মোটরসাইকেলে করে ভূঞাপুর যাচ্ছিলেন।