মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের মুখে ব্লক ফেলে প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ ভোলাকে বাঁচাতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন, গণসমাবেশসহ সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ মানুষ। বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি পালন করা হয়। গণসমাবেশে বক্তব্য দেন আনোয়ার হোসেন, সিরাজ উদ্দিন, জিলন খান, নিরব বোলাই, কাঞ্চন বোলাই, নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন, সুমন প্রমুখ। বক্তারা আগামী ৫ জানুয়ারির মধ্যে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।