হবিগঞ্জের ৫ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ফাইল ছবি

হবিগঞ্জের লাখাইয়ের পাঁচ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ জুন রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার রায়ের এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

এর আগে উভয় পক্ষের শুনানি শেষে গত ১৭ মে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়। পাঁচ আসামি হলেন মো. তাজুল ইসলাম ওরফে ফোরকান, মো. জাহেদ মিয়া, ছালেক মিয়া, মো. শফি উদ্দিন মাওলানা ও সাব্বির আহমেদ। আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা শুনানিতে ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার, গাজী এম এইচ তামিম ও আবদুস সাত্তার পালোয়ান।

পাঁচ আসামির মধ্যে শফি উদ্দিন ও সাব্বির পলাতক বলে জানান প্রসিকিউটর রেজিয়া সুলতানা। তিনি প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় লাখাইয়ে হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।

এর আগে ওই মামলায় ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। হবিগঞ্জের লাখাইয়ের পাঁচ আসামির বিরুদ্ধে ২০১৮ সালের ২১ মার্চ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।