হিমাগারের নকশা করে যুক্তরাজ্যের স্বর্ণপদক জিতল আইইউবির দুই শিক্ষার্থী

প্রতিযোগিতায় স্বর্ণজয়ী আইইউবির দুই শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

সৌরশক্তিচালিত খাদ্য হিমাগারের নকশা করে যুক্তরাজ্যের সম্মানজনক এফিশিয়েন্সি ফর অ্যাকসেস ডিজাইন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) দুই শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার ভার্চ্যুয়াল গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে দুই আয়োজক সংগঠন ‘এফিশিয়েন্সি ফর অ্যাকসেস কোয়ালিশন’ ও ‘ইঞ্জিনিয়ার্স উইদাউট বর্ডার্স ইউকে’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বর্ণজয়ী মো. সাদিক আবদাল ও তাশফিয়া তাহসিন আইইউবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। প্রতিযোগিতায় যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থী আলী আহমেদ ও নূর বেন গাইয়েদও স্বর্ণ জয় করেন।

পচনশীল খাদ্য সংরক্ষণের জন্য এই জ্বালানিসাশ্রয়ী হিমাগারের নকশা করেছেন শিক্ষার্থীরা। সৌরশক্তি দ্বারা ‘আইসব্যাংক’ চালিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণের উপায় বের করেছেন তাঁরা। এ পদ্ধতিতে অপচয় রোধ করে কৃষকদের আয় বাড়ানো সম্ভব হবে।

প্রতিযোগিতাটির মূল পৃষ্ঠপোষক নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন আইকেইএ ফাউন্ডেশন। এ বছর তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, বেনিন, ক্যামেরুন, ভারত, কেনিয়া, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, সেনেগাল, উগান্ডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের ২২টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫০ জনের বেশি শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন। স্বর্ণজয়ী দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন আইইউবির উপাচার্য তানভীর হাসান।