চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষকদের বিরুদ্ধে দায়ের করা ৪৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা কৃষিঋণ কমিটির সভায় এ কথা জানানো হয়। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এসব মামলা নিষ্পত্তি করেন ইউএনও ও সার্টিফিকেট আদালতের হাকিম মো. মফিজুল ইসলাম। ইউএনও বলেন, ২০০০ সাল থেকে এখন পর্যন্ত এ উপজেলায় ১৯১ জন ঋণখেলাপি কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয়েছে। এ বছর ৪৬টি মামলার নিষ্পত্তি হয়। ১৪৫টি মামলা এখনো ঝুলে আছে। এসব মামলার বিপরীতে অনাদায়ি কৃষিঋণের পরিমাণ ১ কোটি ১৭ লাখ ৭৬ হাজার টাকা।