বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

বুয়েটে ভর্তি পরীক্ষা আগের সময়ে, রাবিতে তারিখ পেছাল, অন্য রকম সিদ্ধান্ত জগন্নাথে

এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগের ঘোষিত সময়সূচি অনুযায়ীই ভর্তি পরীক্ষা নেবে। ফলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও এসব শিক্ষার্থী বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। এর আগে বুয়েটের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ও পূর্বঘোষিত সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্য বা তাঁদের প্রতিনিধিদের সঙ্গে সভা হয়। সভায় আগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু করার সিদ্ধান্ত হয়। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইউজিসির ওই সভার পর কোনো কোনো বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে সময়সূচিতে পরিবর্তন আনছে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে।

প্রথম আলোর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা–সংক্রান্ত উপকমিটির সভায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদনের সুযোগ পাবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা সাত দিন পর্যন্ত আবেদন করার সময় পাবেন।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল, আগামী বছরের জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুয়েট সিদ্ধান্ত বদলাবে না

বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য একরামুল হক প্রথম আলোকে বলেন, ওই সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২১ নভেম্বর।

বুয়েটের একটি সূত্র জানায়, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় আগের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানানো হয়। সে অনুযায়ী, ২৫ নভেম্বর ভর্তির আবেদনের শেষ সময় নির্ধারিত রয়েছে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্য রকম সিদ্ধান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি। এরপর ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারীরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। তিনি বলেন, এই পরীক্ষার্থীরা এসএসসি ফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। পরে যদি সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে তাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর যোগ্য না হলে পারবেন না।