শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গোলাগুলিতে আটজন নিহত হয়েছে। এ সংক্রান্ত খবরটি আজ যথেষ্ট আলোচিত হয়েছে। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছিল গত মঙ্গলবার। এ ঘটনায় নিয়ে আজও প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। আর সেসবে পাঠকের আগ্রহও ছিল যথেষ্ট। এসবের বাইরে বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা প্রতিবেদন আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান আটজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ইউপিডিএফ-গণতান্ত্রিক ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। নিহত ব্যক্তিদের পরনে বিশেষ এক ধরনের পোশাক রয়েছে। তবে এখনো তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পড়ুন...
ঢাকার বঙ্গবাজারে প্রথম ভয়াবহ আগুন লেগেছিল ১৯৯৫ সালের ২৭ নভেম্বর। তখন এখানে চারটি হকার্স মার্কেট ছিল। দোকানের সংখ্যা ছিল ৫২৫। এক আগুনে পুরো বঙ্গবাজার ছাই হয়ে গিয়েছিল। আগুনের ঘটনা নিয়ে পরদিন দৈনিক ইত্তেফাকে আট কলামজুড়ে শিরোনাম ছিল, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার সম্পূর্ণ ভস্মীভূত।’ বিস্তারিত পড়ুন...
কৃষকের আগ্রহের কারণেই দেশে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। চলতি অর্থবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ লাখ টনের বেশি। যেভাবে পেঁয়াজের আবাদ হয়েছে, তাতে এবারও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। এই সময়ে কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সে জন্য সরকার আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশ–আয়ারল্যান্ড খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ এর মধ্য দিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ ছাড়লেন আলিম দার। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে এটি ছিল তাঁর শেষ টেস্ট। বিস্তারিত পড়ুন...
গত ২৪ মার্চ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে যান পরীমনি। এই গ্রামেরই নানাবাড়িতে জন্মেছিলেন তিনি। আগে অনেকবার গেলেও এবারের যাত্রাটা তাঁর জন্য, গ্রামের মানুষের জন্য ছিল অন্য রকম। এবারের ভ্রমণে প্রথমবার পরীর সঙ্গী স্বামী শরীফুল রাজ ও সন্তান রাজ্য। বিস্তারিত পড়ুন...