
বান্দরবানের লামা উপজেলায় আদিবাসী ভূমি রক্ষা আন্দোলনের সংগঠক রংধজন ত্রিপুরার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতি দিয়ে এ দাবি জানান।
লামার সরই ইউনিয়নে ৪০০ একর এলাকায় তিন পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জুমচাষ করে আসছেন। ২০২১ সালে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ওই জমি ইজারা নেওয়ার দাবি করে। এ নিয়ে আদিবাসীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন, যার একজন সংগঠক রংধজন ত্রিপুরা।
এর আগে গত ২৬ এপ্রিল সরই ইউনিয়নে প্রায় ৩০০ একর এলাকাজুড়ে করা জুমচাষের জমিতে আগুন দেওয়া হয়েছিল। আগুনে পাড়াবাসীর ফলদ-বনজ বাগান, ধানের খেত ও গাছ-বাঁশ পুড়ে যায়। তখন থেকে তিনটি পাড়ার ৩৬টি ম্রো ও ত্রিপুরা পরিবার খাদ্যসংকটে পড়ে। তখনো লামা রাবার ইন্ডাস্ট্রিজের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন আদিবাসীরা।
গত বুধবার রাতে এক কিশোরের নেতৃত্বে কয়েকজন রংধজন ত্রিপুরার ওপর হামলা চালায়। তাঁকে মারধর ও মাথায় আঘাত করা হয়। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সম্মিলিত সামাজিক আন্দোলনের বিবৃতিতে বলা হয়েছে, সংখ্যালঘু আদিবাসী নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর হাতে দমন করতে হবে। রংধজন ত্রিপুরার ওপর হামলাকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।