শুভ সকাল। আজ ১৪ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের আগে ও পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তনে মনোযোগ রয়েছে জাপানের। এরই অংশ হিসেবে মাস দুয়েকের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে টোকিও সফরে নিতে চায় দেশটি। এর আগে আগস্টের প্রথমার্ধে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিবেরা বৈঠক করবেন। সেখানে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।
আমেনা বেগম পাঁচ মাসের সন্তান মো. তাকরিমকে বুকে জড়িয়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন। ফিরেছিলেনও; তবে জীবিত নয়, মৃত তাকরিমকে নিয়ে। মায়ের সেই আর্তচিৎকার আমরা শুনেছিলাম, ‘বাবারে কিন্তু আমি বুকে নিয়া বাসায় যামু।’ মায়ের আক্ষেপ চলতে থাকে, ‘আমি তো বাবারে এমনে আনি নাই, এখন এমনে কেমনে নিয়া যামু’, ‘বাবা তো আমার কাছে আর আসব না’, ‘আল্লাহ কেন দয়া করল না’, ‘বাবা আমার আগে কেন চইল্যা গেল’, ‘বাবারে কত কষ্ট দিছি, বাবা মাফ কইরা দিয়ে’।
বিশ্বকাপে শেষ ম্যাচ পরিচালনা করে ফেলেছেন দুই ইংলিশ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর। ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় এই দুই দলের কোনো ম্যাচেই আর তাঁদের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
চট্টগ্রাম নগরে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিনদুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা বিমানবন্দর-সংলগ্ন অঞ্চলে ১৩৬ বছরের পুরোনো একটি মসজিদে নামাজ আদায় আপাতত বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত শুক্রবার এই মসজিদে নামাজ পড়া হলেও গত শনিবার মুসল্লিদের মসজিদে যাওয়ার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এই ফটক হলো বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশের পথ, যা দিয়ে মসজিদে ঢুকতে হয়।