পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা ঘিরে সংঘর্ষ

দাফনের ১২৭ দিন পর আরিফুরের লাশ উত্তোলন

আরিফুর রহমান
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভের সময় সংঘর্ষে নিহত আরিফুর রহমানের (২৮) লাশ দাফনের ১২৭ দিন পর ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে উত্তোলন করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে পঞ্চগড় জেলা শহরের রামেরডাঙ্গা এলাকায় কেন্দ্রীয় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ফরহাদ আহমেদ উপস্থিত ছিলেন।

লাশ উত্তোলনের পর প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বেলা দেড়টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

পঞ্চগড়ের সিভিল সার্জন রফিকুল হাসান বলেন, পুরোনো লাশ ময়নাতদন্তের জন্য যে দক্ষ জনবল প্রয়োজন, তা পঞ্চগড়ে নেই। এ জন্য লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আরিফুর রহমান জেলা শহরের ইসলামবাগ এলাকার কাপড়ের দোকানের কর্মচারী ফরমান আলীর একমাত্র ছেলে। আরিফুর জেলা শহরের একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিলেন। আরিফুরের স্বজনদের দাবি, লাশ উত্তোলনের সময় তাঁদের জানানো হয়নি। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাঁরা কবরস্থানে গিয়েছিলেন।

গত ৩ মার্চ পঞ্চগড় শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় আহমদিয়া জামাতের শুরু হওয়া তিন দিনব্যাপী জলসা বন্ধের দাবিতে জুমার নামাজের পর পঞ্চগড় শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করা হয়। মিছিল নিয়ে বিক্ষোভকারীরা শহরের চৌরঙ্গী মোড়ে সমবেত হন। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে করতোয়া সেতুর দিকে যেতে চাইলে পুলিশ তাঁদের থামিয়ে দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছড়িয়ে–ছিটিয়ে শহরের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে পুলিশ, বিজিবি ও র‍্যাবের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এ সময় ঘটনায় আরিফুর রহমান মাথায় আঘাত পেয়ে মারা যান। পরদিন আরিফুরের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

এ ঘটনায় পরিবার থেকে কোনো মামলা করতে রাজি হয়নি। পরে সদর থানা পুলিশ উদ্যোগী হয়ে ৪ জুন একটি হত্যা মামলা করে। মামলার বাদী পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন। মামলায় আসামি করা হয়েছে ২০০ থেকে ২৫০ জন।

মামলায় উল্লেখ করা হয়, সংঘর্ষ চলাকালে হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে আরিফুরের মৃত্যু হয়েছে। ওই সময়ই লাশটি ময়নাতদন্তের চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু নিহত ব্যক্তির স্বজনেরাসহ স্থানীয় লোকজন লাশটির ময়নাতদন্ত করতে দেননি।

মামলা দায়েরের দিনই আরিফুরের লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। পরে ওই দিন পঞ্চগড় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এম মাহবুব ইসলাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে লাশটি উত্তোলন করে পুলিশ।

নিহত আরিফুর রহমানের বাবা ফরমান আলী বলেন, ‘আমার ছেলের লাশ উত্তোলনের বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। সকালে যখন লাশ উত্তোলন করা হয়, তখন গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা সেখানে যাই। কোর্টের আদেশে লাশ তোলা হচ্ছে বলে পুলিশ আমাদের জানায়।’

ফরমান আলী আরও বলেন, ‘আমার ছেলের মৃত্যুর দিনে পুলিশ আমাদের কাছে একটি লিখিত নিয়েছিল। সেখানে আরিফুর ইটপাটকেলের আঘাতে মারা গেছেন বলে লেখা ছিল। লাশের যেন ময়নাতদন্ত না হয়, সে জন্য ওই দিন মামলা করতে না চেয়ে কাগজে স্বাক্ষর করেছিলাম। আসলে আমার ছেলে মাথায় গুলি লেগে মারা গেছে। তবে এখন যেহেতু লাশ উত্তোলন করা হয়েছে, আমার ছেলে মৃত্যুর বিচার চাই।’

পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, আরিফুর রহমান মারা যাওয়ার সময় পরিস্থিতি বিবেচনায় লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। পরে তাঁর পরিবারকে মামলা করতে বলা হলেও তারা মামলা করতে রাজি হয়নি। এ জন্য এ ঘটনায় পরে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। পরে আদালতের আদেশেই লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিক্ষোভের সময় সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পঞ্চগড় সদর ও বোদা থানায় মোট ৩২টি মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।