ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ৯ মার্চ পর্যন্ত মোট ৩৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
আজ সোমবার ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে। ওই দিন থেকেই বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি ও ৮ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়।