
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম (টিপু) হত্যা মামলার তিন আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই তিনজনের জামিন বাতিলের আদেশ দেন।
এই আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা ওরফে সাগর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ ওরফে মনসুরের ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান ও মারুফ খান।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ তিন আসামির জামিন মঞ্জুরের বিরোধিতা করেন। বাদী ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক ইয়াসিন আরাফাতের উপস্থিতিতে তিন আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গত ১৮ এপ্রিল কারাগারে থাকা মারুফ রেজা ওরফে সাগর, মাহবুবুর রহমান ও মারুফ খানের ৩ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত। ২৭ এপ্রিল মামলার বাদী জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম তিন আসামির পক্ষ থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেন। ওই ঘটনায় তিনি শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আইনজীবী সূত্রে জানা গেছে, এ জিডির প্রেক্ষাপটে আজ তিন আসামির জামিন বাতিল করেন আদালত। এ নিয়ে জাহিদুল নিহত হওয়ার পর সন্তানসহ নিজের নিরাপত্তা চেয়ে শাহজাহানপুর ও মতিঝিল থানায় পাঁচটি জিডি করেছেন ফারহানা ইসলাম।
একের পর এক আসামির জামিন মঞ্জুর হওয়ায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছিলেন ফারহানা ইসলাম। তিনি ঢাকা দক্ষিণ সিটির ১, ১১ ও ১২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর।
ফারহানা আজ প্রথম আলোকে বলেন, জাহিদুল হত্যার ‘পরিকল্পনাকারী’ সুমন শিকদারের জবানবন্দিতে আসা আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের চার নেতার নাম মামলা থেকে বাদ দিতে চাপ দেওয়ার পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। তিন আসামির জামিন বাতিল হওয়ায় তিনি স্বস্তি পাচ্ছেন।
জাহিদুল হত্যাকাণ্ডের পর দেশ থেকে পালিয়ে যাওয়া সুমন শিকদারকে গত বছরের ৯ জুন ওমান থেকে ফিরিয়ে আনে পুলিশ। এরপর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতে ১৬৪ ধারায় সুমন শিকদারের দেওয়া জবানবন্দিতে জাহিদুল হত্যায় মারুফ আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, শান্তিনগরের হাবীবুল্লাহ্ বাহার কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল শাহরিয়ার, মারুফ রেজাসহ ১৬ জনের নাম এসেছিল।
গত বছরের ২৪ মার্চ রাতে শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফনান ওরফে প্রীতিও (২২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ফারহানা ইসলাম অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের আসামি করে শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন।
জাহিদুল হত্যায় ২৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। তাঁদের মধ্যে রাকিবুর রহমান, ইয়াসির আরাফাত, ইশতিয়াক আহম্মেদ, মশিউর রহমান, আরিফুর রহমান আগে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।