প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি চায় চবিসাস

শুনানি শেষে আদালত থেকে নিয়ে যাওয়া হয় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে
ছবি: সাজিদ হোসেন

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি চেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। পাশাপাশি এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার বেলা ২টায় যৌথ বিবৃতিতে  সংগঠনটির সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমু প্রতিবাদ ও নিন্দা জানান। পরে সংগঠনটির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব কথা জানানো হয়।

সংগঠনটির দুই নেতা বিবৃতিতে বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের হেনস্তা ও হয়রানির ঘটনা বেড়েই চলছে। সর্বশেষ সংবাদ প্রকাশের জেরে বুধবার ভোর রাতে প্রথম আলোর সাংবাদিক  শামসুজ্জামানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নিজ বাসা থেকে তুলে নিয়ে  যাওয়া হয়েছে, যা স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়।’ শামসুজ্জামানকে নিঃশর্তে মুক্তির দাবি জানান  এই দুই নেতা।

২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ভুল করে ছবি দেওয়া হয় একটি শিশুর। পোস্ট দেওয়ার ১৭ মিনিটের মাথায় অসংগতি নজরে আসে এবং দ্রুত তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে সংশোধনীর বিষয়টি উল্লেখসহ পরে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে উক্তিটি ওই শিশুর; বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের।

ওই প্রতিবেদনের প্রতিবেদক ছিলেন শামসুজ্জামান। এ ঘটনার জেরেই তাঁর বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও ও রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। একই ঘটনাকে কেন্দ্র করে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন।

রমনা থানায় করা মামলায় শামসুজ্জামানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।  আজ বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।