
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, এই আইনে হওয়া সব মামলা প্রত্যাহার, এখন পর্যন্ত হওয়া সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার এবং র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করেছেন। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিরোধী মত দমন ও লুটপাটের সুরক্ষা দিতেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে সরকার।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের’ ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।
বামপন্থী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এর আগে বেলা পৌনে পাঁচটার দিকে টিএসসির সঞ্জীব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। রাজু ভাস্কর্যে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।
সমাবেশে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ছাত্র ও ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার র্যাব প্রতিষ্ঠা করেছিল। তারা ভেবেছিল, র্যাবকে দিয়ে তারা নিজেদের স্বার্থসিদ্ধি করবে। ২০০৫ সাল পর্যন্ত সেটি তারা করেছেও।
তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ২০০৮ সালের জাতীয় নির্বাচনের ইশতেহারে বলেছিল, র্যাবকে তারা বিলুপ্ত ঘোষণা করবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে র্যাবকে তারা তাদের চূড়ান্ত হাতিয়ারে পরিণত করতে সক্ষম হয়েছে।’
ডিজিটাল নিরাপত্তা আইন জনগণকে নিরাপত্তা দেওয়ার আইন নয় বলে মন্তব্য করে মেঘমল্লার আরও বলেন, ‘আমাদের সংগ্রাম তত দিন পর্যন্ত চলবে, যত দিন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইনসহ নিবর্তনমূলক সব আইনকে দেশ থেকে ঝেড়ে বিদায় করতে না পারি।’
ফার্মাসি বিভাগের ছাত্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আরাফাত সাদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি বাক্স্বাধীনতাবিরোধী আইন। পরিসংখ্যান বলে, এই আইনে বেশির ভাগ মামলা হয় বিরোধী মত, সাংবাদিক-লেখক ও শিল্পীদের বিরুদ্ধে। মামলাগুলো করেন সরকারদলীয় নেতা-কর্মীরা।
তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তার কথা বলে এই আইন করা হলেও নিরাপত্তা পাচ্ছেন মূলত এই সরকারের মন্ত্রী-আমলারা। তাঁরা অবাধ লুটপাটের নিরাপত্তা পাচ্ছেন। অর্থাৎ এই আইন হলো লুটপাটের নিরাপত্তার আইন এবং বিরোধী মত দমনের আইন। সরকার এখন ডিজিটাল নিরাপত্তা আইনে সংস্কার আনার কথা বলছে। কিন্তু আমরা এই আইন বাতিল চাই।’
উন্নয়ন অধ্যয়ন বিভাগের ছাত্র ও ছাত্র ইউনিয়ন নেতা নিনাদ খান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে দেশের মানুষের গলা চেপে ধরা হচ্ছে।
আইন বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম বলেন, ‘সরকারের জবাবদিহির জন্য প্রশ্ন তোলা যদি অপরাধ হয়, এর জন্য যদি কারাগারে যেতে হয়, তাহলে আমরা কীভাবে বলতে পারি যে এই আইনটি জননিরাপত্তা দিচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন নিরাপত্তা দেওয়ার বদলে জনমানুষের নিরাপত্তা হরণ করছে।’
ছাত্র ইউনিয়ন নেতা মাঈন আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ছাত্র সব্যসাচী সুদীপ্ত, নৃবিজ্ঞানের ছাত্র আবদুল্লাহ হিল বুবুন প্রমুখ।