‘অবকাঠামো উন্নয়নে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তৃতা

উড়ালপথ কার ব্যবহারকারীদের সুবিধা দেবে, দরকার গণপরিবহন

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, উড়ালসড়ক, উড়ালসেতুসহ সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) ব্যবহারকারীরা কিছুটা সুবিধা পাবেন। সাধারণ মানুষকে যানজট থেকে মুক্ত করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মেট্রোরেল-ব্যবস্থা চালু করতে হবে।রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তৃতার শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। গতকাল শনিবার সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এসবিসিসিআই) ত্রৈমাসিক ভোজসভায় অধ্যাপক চৌধুরী বক্তব্য দেন।জামিলুর রেজা চৌধুরী আরও বলেন, প্রকৌশলগত উদ্যোগের বাইরে কিছু সিদ্ধান্তও যানজট সাময়িকভাবে কমাতে পারে। যেমন, সংকেতবাতি অনুযায়ী যানবাহন চলাচল, ফুটপাত দখলমুক্ত করা এবং রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ করতে হবে। তিনি বলেন, পুলিশকে আইন প্রয়োগে আরও কঠোর হতে হবে, এর পাশাপাশি নগরবাসীকে সচেতন হতে হবে। তবে দীর্ঘমেয়াদে সুফল পেতে হলে অবশ্যই গণপরিবহন-ব্যবস্থা উন্নত করতে হবে।জামিলুর রেজা চৌধুরী বলেন, ঢাকার জন্য প্রণীত ২০ বছরের পরিবহন পরিকল্পনায় উড়ালসড়ক, মেট্রোরেল ও বাসের বিশেষ লেন তৈরির প্রস্তাব করা হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে যানজট কমে আসবে। তবে তিনি ঢাকামুখী মানুষের স্রোত বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।সভায় জামিলুর রেজা চৌধুরী একটি বিস্তারিত প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে দেশের সড়ক অবকাঠামো ও রেলপথের উন্নয়নের পাশাপাশি নদী-ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, বাংলাদেশের নদীগুলো সময় সময় গতিপথ পরিবর্তন করে। ভাঙনের কারণে নদী চওড়া হয়ে যায়। সে জন্য সেতু, সড়ক, বাঁধসহ অবকাঠামো নির্মাণে সমস্যা হয়। তবে যমুনা সেতু নির্মাণের মাধ্যমে সাফল্য এসেছে। পদ্মা সেতু নির্মিত হলে আরও অগ্রগতি হবে। ২০১২ সালের শুরুতে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা যাবে বলেও তিনি জানান।উল্লেখ্য, জামিলুর রেজা চৌধুরী পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান।বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হেরেন বলেন, যমুনা সেতু হওয়ার পর দেশের উত্তরাঞ্চলে কৃষি খাতে ব্যাপক উন্নতি হয়েছে। পদ্মা সেতু বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও ইতিবাচক পরিবর্তন আসবে।ভোজসভায় সভাপতিত্ব করেন এসবিসিসিআইয়ের সভাপতি আশফাক উর রহমান। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন চৌধুরী।