
ট্রেনের টিকিট কালোবাজারি রোধ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু উপলক্ষে শুক্রবার সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এমন দাবি করেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, গত ঈদে দেখা গেছে আপনি বারবার বলেছেন অনলাইনে-অফলাইনে টিকিট কালোবাজারি বন্ধ করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু ওইবার র্যাবের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে সহজ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার হন। এরপরও সহজকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হচ্ছে কেন?
জবাবে মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘আমরা “ওপরের” সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করি। সিদ্ধান্ত নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো হাত থাকে না বা আমরা অধিকার রাখি না। তবে এ ব্যাপারে সহজের ব্যাখ্যা ছিল এ রকম, যদি সত্যিকার অর্থে তারা অপরাধী হয়, আদালত তার বিচার করবেন। ওরা (সহজ) ওটা নিয়ে সন্দিহান যে এই ঘটনা সে (অভিযুক্ত ব্যক্তি) করতে পারে কি না।’
রেলস্টেশনের কাউন্টারের অভ্যন্তরে কারসাজি রোধের উপায় কী—এমন প্রশ্নের ব্যাখ্যায় এক সাংবাদিক জানান, গতকাল বৃহস্পতিবার তিনি কমলাপুর রেলস্টেশনে আসেন ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে। দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে কাউন্টারে গিয়ে পৌঁছান তিনি। তখন কাউন্টার থেকে তাঁকে বলা হয়, কোনো টিকিট নেই। অ্যাপে দেখা যাচ্ছে, অনলাইনে টিকিট শেষ, কিন্তু কাউন্টারে আছে। কাউন্টারের সেই টিকিটগুলো কোথায়?
জবাবে মাসুদ সারওয়ার বলেন, ‘গতকালের (বৃহস্পতিবার) বিষয়টি বলছি না। আজকের (শুক্রবার) বিষয়টি বলছি। আজ থেকে যেহেতু ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে, আমি নিজেও ঢুকতে পারিনি এখনো। আমি বলছি, ভেতরে অনিয়ম হওয়ার সম্ভাবনা একেবারেই অসম্ভব। কারণ, ভেতরে কমপক্ষে ১০ জন অফিসার আছেন, যাঁরা মনিটরিং করছেন।’
তখন ওই সাংবাদিক বলেন, ‘আপনি তো বলছেন আগাম টিকিটের কথা। তার মানে বাকি দিনগুলোতে দুর্নীতি করবে, আগাম টিকিটে করবে না?’
প্রত্যুত্তরে মাসুদ সারওয়ার বলেন, ‘গতকালের ব্যাখ্যা গতকাল দিতে পারতাম। আপনার সাথে আমি যেতে পারতাম। গতকাল কী ঘটেছে, তা আমি জানি না।’
জবাবে সাংবাদিক বলেন, ‘আপনার রুমে আমি দুই ঘণ্টায় চারবার এসেছিলাম। আপনি ছিলেন না।’ এবার মাসুদ সারওয়ার বলেন, ‘আমি ছিলাম। হয়তো রুমে ছিলাম না। যাহোক, সে বিতর্কে না যাই। পরে কথা বলছি।’
ট্রেনের টিকিট অর্ধেক বিক্রি হচ্ছে কাউন্টারে, বাকি অর্ধেক অ্যাপে। শুক্রবার যাত্রীদের অনেকেই অভিযোগ করেন, তাঁরা অ্যাপে প্রবেশ করতে পারেননি। অ্যাপ ডাউন। এর জবাবে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ‘এর ব্যাখ্যা আমরা সহজ ডটকম (অনলাইনে টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান) থেকে পেয়েছি। সেটা হচ্ছে যে অনলাইনে ১৩ হাজার টিকিট বিক্রির জন্য যখন সকাল আটটায় সার্ভার চালু হয়, তখন একসঙ্গে প্রায় সাড়ে চার লাখ টিকিটপ্রত্যাশীর হিট পড়েছে। টিকিট কিন্তু ১৩ হাজার ব্যক্তিই পাবেন, বাকিরা পাবেন না। যেহেতু অধিকসংখ্যক লোক টিকিট পাচ্ছেন না, ফলে অভিযোগটা অধিকসংখ্যক লোকের থেকে যাচ্ছে।’
নিজের ব্যাখ্যা দিয়ে মাসুদ সারওয়ার বলেন, ট্রেনের আসন ও টিকিটসংখ্যা যেহেতু নির্দিষ্ট, কাউন্টার থেকে সেই নির্দিষ্টসংখ্যক টিকিট বিক্রি হয়ে গেলে এখানে ১০ হাজার লোক থাকলেও তাঁদের টিকিট দেওয়া সম্ভব হবে না। তাঁদের অভিযোগ থেকেই যাবে।