পশুবাহী পরিবহনে চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ
ফাইল ছবি

পশুবাহী পরিবহনে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার শেষ দিনে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন আইজিপি।

গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক অপরাধ সভা হয়। এতে পুলিশের অতিরিক্ত আইজিপি, সব রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), সব মহানগর পুলিশের কমিশনার, ৬৪ জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের প্রধানেরা উপস্থিত ছিলেন।

পশুর হাটে পোশাকের পাশপাশি সাদাপোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়ে আইজিপি বেনজীর আহমেদ বলেন, কোন সুনির্দিষ্ট কারণ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো বা চেক করা যাবে না। তিনি কোরবানির পশুর হাট পরিদর্শনের জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন।

আইজিপি বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। মহাসড়কে করিমন, নসিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে। দূরবর্তী স্থানে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

সভায় কোরবানির পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা; শপিংমল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা; বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনের নিরাপত্তা; ট্রাফিক ব্যবস্থাপনা এবং বন্যাকবলিত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয় চলতি বছরের এপ্রিল থেকে জুনের চেয়ে একই বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে ডাকাতি মামলা কমেছে। আবার গত বছরের এপ্রিল থেকে জুনের তুলনায় চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলা কমেছে।

ত্রৈমাসিক অপরাধ সভার শেষ দিনে আজ বুধবার পুলিশের সব ইউনিটের সঙ্গে সমন্বিত যোগাযোগ ব্যবস্থার ওপর প্রেজেন্টেশন দেন টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (টিঅ্যান্ডআইএম) ইউনিটের ডিআইজি এ কে এম শহীদুর রহমান। পুলিশ সদস্যরা সমন্বিত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যেকোন স্থান থেকে কাঙ্খিত স্থানে যোগাযোগ করতে পারবেন।

সভা শেষে আইজিপি বেনজীর আহমেদ শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ মৌলভীবাজার জেলার বন্যাকবলিত মানুষের কল্যাণে দিয়েছেন। তিনি আজ মৌলভীবাজারের পুলিশ সুপারের হাতে এ অর্থ তুলে দেন। আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের মধ্যে ২০২০-২১ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পান।