
রাজধানীর কদমতলীর একটি জুতার কারখানায় বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করতে গিয়ে বুধবার সন্ধ্যায় অন্তত ১৫ জন শ্রমিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুই নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রমিকদের অভিযোগ, অপূর্ব পিউ সু ইন্ডাস্ট্রিজের মালিকপক্ষ শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পিউ সু ইন্ডাস্ট্রিজের কারখানার লাইনম্যান শিউলি আক্তার জানান, তাঁর গত মে ও জুন মাসের বেতন বকেয়া রয়েছে। বুধবার সন্ধ্যায় কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন–ভাতার দাবিতে বিক্ষোভ করলে কারখানা ভবনের মালিকের লোকজন শ্রমিকদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয়। এতে অন্তত ১৫ শ্রমিক আহত হন।
এর আগে অপূর্ব পিউ সু ইন্ডাস্ট্রিজের মালিক রুহুল আমিন হাওলাদার গত সোমবার কারখানা বন্ধের নোটিশ দেন। নোটিশে বলা হয়, আর্থিক দুরবস্থার কারণে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যেসব কর্মকর্তা–কর্মচারি ও শ্রমিক ৩০ জুন পর্যন্ত কাজ করেছেন, তাদের পাওনা আগামী ৩০ আগষ্ট থেকে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। আর ৩০ জুনের পর থেকে যতদিন কারখানা বন্ধ থাকবে, ততদিন কারও বেতন ভাতা দেওয়া হবে না।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটির মালিক ১১০ জন শ্রমিকের বকেয়া বেতন না দিয়ে গত সোমবার কারখানায় নোটিশ ঝুলিয়ে দিয়েছেন। বুধবার সন্ধ্যায় শ্রমিকেরা বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করছিলেন। এ সময় কারখানা ভবন মালিকের লোকজনের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়।