
রাজধানীর শাহবাগ থানা এলাকার শিক্ষা ভবনের সামনে গতকাল মঙ্গলবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত দুজন।
নিহত শিক্ষার্থীর নাম মোহাইমিনুল ইসলাম (২১)। আহত দুজন হলেন মেহেদী হাসান ও শাকিব। তাঁরা বন্ধু।
তিনজনই ঢাকার মানিকদী এলাকার বাসিন্দা। তাঁরা এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছিলেন। মোহাইমিনুল ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
শাহবাগ থানা-পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে তিন বন্ধু মানিকদী থেকে মোটরসাইকেলে করে পুরান ঢাকায় খেতে যাচ্ছিলেন। দিবাগত রাত ১টার দিকে শিক্ষা ভবনের সামনের সড়কে দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মেহেদী। পেছনে ছিলেন মোহাইমিনুল ও শাকিব।
মোটরসাইকেলটি শিক্ষা ভবনের সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। তিনজনই মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় সড়ক দিয়ে যাওয়া একটি লরির নিচে চাপা পড়েন মোহাইমিনুল। তাঁর একটি পা লরির চাকায় পিষ্ট হয়।
পুলিশ জানায়, মোহাইমিনুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।