সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আজও চলবে উদ্ধার অভিযান

এখনো শুরু হয়নি উদ্ধারকাজ। ঘটনাস্থলে স্বজনদের অপেক্ষা। সিদ্দিকবাজার, ঢাকা, ৮ মার্চ
ছবি: জাহিদুল করিম

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আজ বুধবার সকালে আবার শুরু হবে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমণি শর্মা।

দিনমণি শর্মা প্রথম আলোকে বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এ অবস্থায় ভবনের ভূগর্ভে উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। তাই উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। আজ সকালে সেনাবাহিনী আসবে, তারপর উদ্ধারকাজ শুরু হবে।

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আজ উদ্ধার অভিযান শুরু হবে। সিদ্দিকবাজার, ঢাকা, ৮ মার্চ

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়।

একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে।

এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

এ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।