সমাবেশে বক্তারা

পুনর্বাসন ছাড়া রাজধানীর সুইপার কলোনির বসতি উচ্ছেদ মানবাধিকার পরিপন্থী

গোপীবাগ টিটিপাড়া রেলওয়ে হরিজন ও তেলেগু সুইপার কলোনিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

রাজধানীর গোপীবাগ টিটিপাড়া রেলওয়ে হরিজন ও তেলেগু সুইপার কলোনির শতাধিক পরিবারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা বলেছে, পুনর্বাসন ছাড়া বসতি উচ্ছেদ সুস্পষ্ট মানবাধিকার পরিপন্থী।

শুক্রবার সকালে গোপীবাগ টিটিপাড়া রেলওয়ে হরিজন ও তেলেগু সুইপার কলোনি পরিদর্শনে যান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা। এ সময় কলোনির দুর্গামন্দির চত্বরে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে কলোনি উচ্ছেদের নিন্দা জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের আওতায় কমলাপুর থেকে যশোর পর্যন্ত পথের সবখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। কেবল এই কলোনির বাসিন্দাদের কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। চার বছর আগে উচ্ছেদকৃত ১১২ পরিবারের তালিকা করা হলেও এই দীর্ঘ সময়ে তাঁদের পুনর্বাসনের কোনো উদ্যোগ না নেওয়া দুঃখজনক। এ সমস্য সমাধানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

বক্তারা বলেন, নগরী পরিচ্ছন্ন রাখতে যে মানুষেরা কাজ করেন, তাঁদের ব্রাত্য করে রেখে কোনো উন্নয়নই সুফল আনতে পারবে না। কমলাপুর স্টেডিয়ামের পার্শ্ববর্তী মানিকনগর কালভার্ট এরিয়ার মাঠে উচ্ছেদকৃত হরিজন ও তেলেগু সুইপার পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সুপারিশ করেন তাঁরা।

মহানগর পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, সমবায়বিষয়ক সম্পাদক তপন চক্রবর্ত্তী, সহসাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতা দিলীপ কুমার কর দীপু, গণেশ ঘোষ, গুরুদাস রায়, জহরলাল দেবনাথ, গোপাল রাজবংশী, একলব্য সরকার পলাশ, অরূপ কুমার কুন্ডু প্রমুখ।