রাত ১টায় লাইনে দাঁড়িয়ে ১৩ ঘণ্টা পর তেল পেয়েছেন মোটরসাইকেলচালক আল আমিন হোসেন। ট্রাস্ট ফিলিং স্টেশন, তেজগাঁও, ঢাকা। ১৫ ফেব্রুয়ারি
রাত ১টায় লাইনে দাঁড়িয়ে ১৩ ঘণ্টা পর তেল পেয়েছেন  মোটরসাইকেলচালক আল আমিন হোসেন। ট্রাস্ট ফিলিং স্টেশন, তেজগাঁও, ঢাকা। ১৫ ফেব্রুয়ারি

জ্বালানি সংকট

‘রাত ১টায় লাইনে দাঁড়িয়ে ছিলাম, বেলা ২টায় তেল পেলাম’

‘রাত একটার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, এখন বেলা ২টায় তেল পেলাম। হয়রানির শেষ নেই। খাওয়াদাওয়া ঠিকমতো করতে পারিনি। রোদে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে শরীর অসুস্থ হয়ে গেছে।’ কথাগুলো বলছিলেন মোটরসাইকেলচালক আল আমিন হোসেন।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ট্রাস্ট ফিলিং স্টেশনে এই মোটরসাইকেলচালকের সঙ্গে  কথা হয় এই প্রতিবেদকের। বেলা দুইটার সময় এই ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপস দেখিয়ে তেল নিতে দেখা যায় আল আমিন হোসেনকে।

এই মোটরসাইকেলচালক জানান, ফুয়েল পাস অ্যাপস দেখিয়ে তিনি তেল নিয়েছেন। ১ সপ্তাহ আর তেল নিতে পারবেন না। তবে এই তেলে তাঁর পুরো সপ্তাহ চলে যাবে। কিন্তু এ তেল নিতে গতকাল দিবাগত রাত একটা সময় লাইনে দাঁড়াতে হয়। তিনি যখন লাইনে দাঁড়ান, তখন ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের লাইন মহাখালী রেলগেট পর্যন্ত পৌঁছে গেছে। এরপর সিরিয়াল মেনে আস্তে আস্তে ফিলিং স্টেশন পর্যন্ত আসতে আসতে রাত পেরিয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর।

আল আমিন হোসেন বলেন, ‘বন্ধুবান্ধব কয়েকজন লাইনে দাঁড়িয়ে ছিলাম। এত সময় লাগবে কল্পনা করিনি। ভোগান্তি হয়েছে প্রচুর। কিন্তু কিছু তো করার নেই। চলার জন্য তো তেল নিতে হবে।’

ট্রাস্ট ফিলিং স্টেশনের বাইরে জ্বালানি তেলের জন্য লম্বা লাইন। তেজগাঁও, ঢাকা। ১৫ ফেব্রুয়ারি

রাজধানীর তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনে তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। ঘড়ির কাঁটায় যখন বেলা দেড়টা, তখন এই ফিলিং স্টেশনে ৫১২টি মোটরসাইকেল ও ৪০৭টি প্রাইভেট কার লাইনে অপেক্ষায় দাঁড়িয়ে ছিল।

অন্যদিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত বেশ কয়েকটি ফিলিং স্টেশন তেল না থাকায় বন্ধ দেখা গেছে। বেলা ১১টার সময় রয়েল ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় তেল নেই। ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে। এই ফিলিং স্টেশনের কর্মকর্তা স্বাধীন আহমেদ জানান, চার দিন ধরে তাঁদের ফিলিং স্টেশনে তেল নেই। আজকেও তেলের জন্য ডিপোতে ফিলিং স্টেশনে গাড়ি গেছে। কিন্তু তেল পায়নি।

মহাখালীতে অবস্থিত আরেকটি ফিলিং স্টেশন এস আর এন্টারপ্রাইজ। বেলা সাড়ে ১১টার সময় এই ফিলিং স্টেশন বন্ধ দেখা গেছে। বলা হচ্ছে তেল নেই। এই ফিলিং স্টেশনের কর্মচারী মো. হাবীব বলেন, ‘তিন দিন ধরে পাম্পে তেল নেই। আজকে তেলের জন্য গাড়ি গেছে, আসলে এরপর আমরা বিক্রি করতে পারব।’

মহাখালী পার হয়ে জাহাঙ্গীর গেটে যাওয়ার পথে অবস্থিত ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের বাইরে মোটরসাইকেলের লম্বা লাইন। তেজগাঁও, ঢাকা। ১৫ ফেব্রুয়ারি

তেল না থাকায় দুপুর ১২টার সময় বন্ধ দেখা গেছে মহাখালী মোড়ে অবস্থিত আরেকটি ফিলিং স্টেশন, তশোফা ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ইমরান হোসেন প্রথম আলোকে জানান, ২০২৫ সালের এপ্রিল মাসে তাঁদের ফিলিং স্টেশনে যে রকম চাহিদা ছিল, সরকার এখন সে রকম তেল দিচ্ছে। সে সময় ৯ হাজার লিটার অকটেনে তিন দিন চলত। এখন ৯ হাজার লিটার তেল কয়েক ঘণ্টায় শেষ হয়ে যায়। ফলে বাকি সময় তাদের ফিলিং স্টেশন বন্ধ থাকে।

তেলসংকটে একই সময়ে বন্ধ দেখা গেছে মেসার্স সোহাগ ফিলিং স্টেশনও। এই ফিলিং স্টেশনের ক্যাশিয়ার রঞ্জন সূত্রধর জানান, ১২ এপ্রিল সাড়ে চার হাজার লিটার অকটেন পেয়েছিলেন। সেই দিনই বিক্রি করে শেষ। আজকেও ডিপোতে তেলের জন্য গাড়ি গিয়েছিল। পেট্রল পেলেও অকটেন তারা পাননি। ফলে বিক্রি করতে পারছেন না।

মহাখালী পার হয়ে জাহাঙ্গীর গেটে যাওয়ার পথে অবস্থিত ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন। দুপুর সাড়ে ১২টার সময় এই ফিলিং স্টেশন তেল নিতে অফিস থেকে ছুটি নিয়ে আসেন কামরুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘তেল নেওয়ার জন্য অফিস থেকে ছুটি নিয়ে এসে রোদের মধ্যে দুই ঘণ্টা দাঁড়িয়ে রয়েছি। ভোগান্তির শেষ নেই, পুরো অসহ্য লাগছে। কিছু করারও নেই আমাদের। নিতে হলে ভোগান্তি পোহাতেই হবে এখন।’

তেল না থাকায় বন্ধ মহাখালী মোড়ে অবস্থিত তশোফা ফিলিং স্টেশন । ১৫ এ্রপিল

আশপাশের ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকার ফলে ভোগান্তি চরমে বলে জানান এই চালক। তিনি বলেন, ‘এই ফিলিং স্টেশনেও তেল ছিল না একটু আগে এসেছে। আশপাশে ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকার ফলে চরম ভোগান্তি। সেগুলো চালু থাকলে এমন ভোগান্তি পোহাতে হতো না।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তৈরি হয় জ্বালানি সরবরাহসংকট। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। ফিলিং স্টেশনগুলোয় তেলের জন্য ক্রেতাদের লম্বা লাইন শুরু হয়। ক্রেতারা বলছেন, তেল নিতে যানবাহনের লাইন আরও দীর্ঘ হচ্ছে। প্রচণ্ড গরমে এই ভোগান্তি আরও বেড়েছে।