ঢাকা দক্ষিণ সিটির ৫৩ নম্বর ওয়ার্ড

মশার ওষুধ ছিটানো হলো মাত্র আধা ঘণ্টা

নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মশা মারার ওষুধ ছিটানোর কথা।

ওষুধ ছিটানোর কাজ শুরু করার কথা ছিল বেলা আড়াইটায়। কিন্তু শুরু হয় বিকেল সাড়ে পাঁচটার দিকে। গতকাল পূর্ব জুরাইনের ১ নম্বর গলিতে
ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী, উড়ন্ত মশা মারতে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন বিকেলে চার ঘণ্টা ওষুধ ছিটানোর কথা। কিন্তু গতকাল শনিবার বিকেলে পূর্ব জুরাইন এলাকায় ওষুধ ছিটানো হয়েছে মাত্র আধা ঘণ্টা। পূর্ব জুরাইন ঢাকা দক্ষিণ সিটির ৫৩ নম্বর ওয়ার্ডে পড়েছে।

গতকাল বিকেল চারটার দিকে প্রথম আলোর এই প্রতিবেদক পূর্ব জুরাইন এলাকায় যান। এক ঘণ্টার বেশি সময় এই ওয়ার্ডের হাজী খোরশেদ আলী সরদার রোড, তালতলা গলি, কমিশনার মোড়, কলেজ রোড, চেয়ারম্যানবাড়ির মোড়, ওয়াসা রোড, আফসার করিম রোড ও নবারুণ গলি মোটরসাইকেলে করে ঘুরে কোথাও মশককর্মীর দেখা পাওয়া যায়নি।

পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাড়িসংলগ্ন পূর্ব জুরাইনের ১ নম্বর সড়কে এক মশককর্মীর সঙ্গে দেখা হয় এই প্রতিবেদকের। তাঁর নাম মো. পারভেজ। তিনি জানান, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তাঁরা বের হন। সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত ওষুধ ছিটানোর কাজ করেন। মাঝে মাঝে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওষুধ ছিটিয়ে থাকেন।

বিরামহীনভাবে ১০ লিটার ওষুধ ছিটাতে এক ঘণ্টা সময় লাগে।
ফজলে শামসুল কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

তবে ঢাকা দক্ষিণ সিটির নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মশা মারার ওষুধ ছিটানোর কথা। প্রতিটি ওয়ার্ডে এই কাজ করবেন ছয়জন মশককর্মী। তাঁদের কাজ তদারক করতে থাকবেন একজন সুপারইভাজার। গতকাল পূর্ব জুরাইনে কাজ করেছেন পাঁচজন মশককর্মী। সুপারভাইজার ছিলেন না।

গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে পারভেজসহ আরও চারজন মশককর্মী ১ নম্বর সড়ক এলাকায় স্থানীয় কাউন্সিলরের বাসা থেকে ওষুধ নিয়ে বের হচ্ছিলেন। নিয়ম অনুযায়ী, প্রত্যেক মশককর্মীর কাছে ১০ লিটার করে ওষুধ থাকার কথা। পারভেজের দাবি, তাঁদের কাছে পরিমাণমতো মশার ওষুধ রয়েছে। কিন্তু তাঁর সঙ্গে কথা বলার ২০ মিনিট পর পূর্ব জুরাইনের নবারুণ গলিতে দিয়ে আরেক মশককর্মী মিরাজ মিয়ার হাতে থাকা পাঁচ লিটার ওষুধের গ্যালনটি খালি পাওয়া গেল। আর তিনি কাঁধে যে যন্ত্রটি বহন করে ওষুধ ছিটাচ্ছেন, তাতে সামান্য ওষুধ অবশিষ্ট ছিল।

১০ লিটার ওষুধ কী করেছেন, জানতে চাইলে মিরাজ মিয়া প্রথম আলোকে বলেন, আধা ঘণ্টার মধ্যেই ওষুধ ছিটানোর কাজ শেষ করেছেন। এক লিটারের মতো বাকি আছে। ১০ লিটার ওষুধ ছিটাতে ২০–২৫ মিনিট লাগে বলে দাবি করেন তিনি।

মিরাজের সঙ্গে প্রথম আলো কথা বলেছে বিকেল ৫টা ৪৫ মিনিটে। তিনি ওষুধ নিয়ে কাজে বের হন বিকেল সোয়া পাঁচটার দিকে।

সিটি করপোরেশন সূত্র বলছে, প্রত্যেক মশককর্মীর হাতে থাকা ফগার মেশিনে (উড়ন্ত মশা মারার যন্ত্র) থাকে পাঁচ লিটার ওষুধ। আর সঙ্গে পাঁচ লিটার ওষুধ বোতলে বহন করেন তাঁরা। ফগার মেশিনের ওষুধ শেষ হওয়ার পর বোতলে থাকা পাঁচ লিটার ওষুধ তাঁরা ব্যবহার করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মশকনিধন কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির প্রথম আলোকে বলেন, বিরামহীনভাবে ১০ লিটার ওষুধ ছিটাতে এক ঘণ্টা সময় লাগে। তাহলে ৫৩ নম্বর ওয়ার্ডে কীভাবে ১০ লিটার ওষুধ মাত্র আধা ঘণ্টার মধ্যে কীভাবে ছিটানো সম্ভব হলো, তা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে খোঁজখবর করে ব্যবস্থা নেওয়া হবে।

মশার উপদ্রব কেমন, তা নিয়ে পূর্ব জুরাইনের ১১ জন বাসিন্দার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের প্রায় সবার বক্তব্য, সন্ধ্যার দিকে মশার উৎপাত বেশি। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

গত ২৭ মে প্রথম আলো রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের তথ্য সংগ্রহ করেছিল। সেদিন হাসপাতালটিতে ৫৬ রোগী ভর্তি ছিলেন। রোগীদের অর্ধেকই ছিলেন যাত্রাবাড়ী ও জুরাইনের বাসিন্দা।

পূর্ব জুরাইনের কলেজ রোড এলাকার বাসিন্দা বাদল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, এলাকায় মশা প্রচুর। সন্ধ্যা হলে উৎপাত বাড়ে। মাঝেমধ্যে ওষুধ ছিটায়। তবে মশা কমছে না।