
ট্রেনে আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রা শুরুর প্রথম দিনে আজ শনিবার ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন ঘরমুখী মানুষ। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেলা ১১টা পর্যন্ত ২০টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। রেল কর্তৃপক্ষ বলছে, প্রতিটি ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে গেছে, কোনো দেরি হয়নি। যাত্রীরাও রেলের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন।
আজ স্টেশন ঘুরে ঈদযাত্রা উপলক্ষে রেল কর্তৃপক্ষের নানা উদ্যোগ দেখা গেছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর রেলওয়ে স্টেশন) ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার প্রথম আলোকে বলেন, ঈদযাত্রার প্রথম দিনে আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে লোকাল মেইল ও আন্তনগর ট্রেন মিলে মোট ৫২ জোড়া ট্রেন চলাচল করবে। এর মধ্যে আন্তনগর ট্রেন আছে ৩৮ জোড়া। এসব ট্রেনে আজ প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা ছাড়বেন। বেলা ১১টা পর্যন্ত ২০টি ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। সব ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে।
স্টেশন ঘুরে দেখা গেছে, প্ল্যাটফর্মগুলোর বেশির ভাগই ফাঁকা। ঈদ উপলক্ষে যাত্রীদের আগের মতো ভিড় নেই। কারণ, টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কমলাপুর রেলস্টেশনের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে। যাত্রীদের মূল স্টেশনে ঢোকার পথে বাঁশ দিয়ে একাধিক সারি বানানো হয়েছে। টিকিট যাচাই করে যাত্রীদের সেসব সারি দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।
সব মিলে তিন দফায় টিকিট যাচাইয়ের পর যাত্রীদের মূল প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বনলতা এক্সপ্রেসের যাত্রী বশির আলী প্রথম আলোকে বলেন, একাধিকবার টিকিট পরীক্ষা করার পর তাঁকে স্টেশনের মূল প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হয়েছে। রেলের ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
প্ল্যাটফর্মে ট্রেনের জন্য স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে চট্টলা এক্সপ্রেসের যাত্রী শাহেদুজ্জামান ভূঁইয়াকে। প্রথম আলোকে তিনি বলেন, বেলা একটায় ট্রেন ছাড়বে। ব্যক্তিগত কারণে তিনি আগেই স্টেশনে এসেছেন। অনলাইনে আগেই তিনি টিকিট করে রেখেছিলেন।
তবে তাঁর অভিযোগ, অনলাইনে ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে কিছুটা ভোগান্তি আছে।
স্টেশন কর্তৃপক্ষ বলছে, এবার ঈদ উপলক্ষে তিন জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো ঈদ স্পেশাল নামে পরিচিত। এ ছাড়া আন্তনগর প্রতিটি ট্রেনে ঈদ যাত্রীদের সুবিধার্থে এক বা একাধিক নতুন বগি যুক্ত করা হয়েছে। এ ছাড়া স্টেশন থেকে প্রতিটি ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি করা হচ্ছে।