জিনাত বুক স্টোর বন্ধের সময় বাড়ল

জিনাত বুক সাপ্লাই লিমিটেড
ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেটে ১৯৬৩ সালের ১৩ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল জিনাত বুক সাপ্লাই লিমিটেড। ২০৭ বর্গফুটের দোকানটির তাকে ছিল হাজার হাজার আমদানি করা ইংরেজি বই। ৩০ এপ্রিল, রোববার দোকানটি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তবে ক্রেতাদের অনুরোধে দোকানটি বন্ধের সময়সীমা ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জিনাত বুক সাপ্লাই লিমিটেডের কর্ণধার সৈয়দ আবু সালেহ মোহাম্মদ ফয়সাল।

বইপোকাদের গোড়াপত্তনে ভূমিকা রেখেছিল জিনাত বুক সাপ্লাই লিমিটেড। বই পড়তে ভালোবাসেন, কিন্তু পকেটে টাকা নেই—এমন পাঠকেরা এখান থেকে বই নিয়ে পড়ে আবার ফেরত দিতে পারতেন। বাকিতে বই নিয়ে যেকোনো সময় তা পরিশোধ করার সুযোগ পেতেন ক্রেতারা। পাঠকদের অনেকেরই ছোটবেলায় কমিকসের প্রতি ভালোবাসা জন্মেছে জিনাত বুকের হাত ধরে। এক প্রজন্ম থেকে কয়েক প্রজন্মে ছড়িয়েছে বইয়ের প্রতি এই ভালোবাসা।

অনেকটা নিরুপায় হয়েই বইয়ের দোকানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৈয়দ আবু সালেহ মোহাম্মদ ফয়সাল। তিনি প্রথম আলোকে বলেছেন, ভালো পাঠকের সংখ্যা কমেছে। এর সঙ্গে মূল বই ফটোকপি করে কম দামে বিক্রি এবং বইয়ের পাইরেসির কারণে মূল বইয়ের চাহিদা কমতে থাকে। অনলাইন ব্যবসার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারা, আমদানি করা বইয়ের শুল্কও জিনাত বুক সাপ্লাই লিমিটেডের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এসবের সঙ্গে যোগ হয়েছে সৈয়দ আবু সালেহ মোহাম্মদ ফয়সালের শারীরিক বিভিন্ন অসুস্থতা।

২০১৬ সাল থেকে প্রতি মাসেই বইয়ের দোকানটি থেকে লাভের পরিবর্তে লোকসান বাড়ছিল। লোকসান গুনতে হচ্ছিল মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা।
জনপ্রিয় বইয়ের দোকানটি বন্ধ হয়ে যাচ্ছে, এ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাঠক ও ক্রেতারা স্মৃতিচারণা করছেন।

সৈয়দ আবু সালেহ মোহাম্মদ ফয়সালের বাবা সৈয়দ আবদুল মালেকের হাত ধরে ১৯৬৩ সালের ১৩ সেপ্টেম্বর দোকানটির যাত্রা শুরু হয়। বড় মেয়ে জিনাতের (বর্তমান নাম জিনাত সালাদ্দিন) নামে দোকানের নামকরণ করা হলেও দোকানটি কেনা হয়েছিল সৈয়দ আবদুল মালেকের স্ত্রী খন্দকার আশরোফা খাতুনের নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে নিউমার্কেটের গেটের নকশা করা প্রকৌশলী শরীফ ইমাম ছিলেন সৈয়দ আবদুল মালেকের আত্মীয়। ১৯৬৩ সালে তিনিই বইয়ের দোকান খোলার পরামর্শ দিয়েছিলেন। নব্বইয়ের দশকে পরিবারের সিদ্ধান্তে সৈয়দ আবু সালেহ মোহাম্মদ ফয়সালের নামে জিনাত বুক সাপ্লাই লিমিটেডকে হস্তান্তর করা হয়। তবে দোকানের নাম আর পরিবর্তন করা হয়নি। সৈয়দ আবু সালেহ মোহাম্মদ ফয়সাল দোকানে বসা শুরু করেছিলেন ১৯৭৪ সালের শেষ দিক থেকে। তখন তাঁর বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন। সংসারের খরচ চালানোর জন্য আয়ের অন্য কোনো বিকল্প উৎস ছিল না।

পরিবারের সিদ্ধান্তেই এইচএসসি পর্যন্ত পড়ুয়া সৈয়দ আবু সালেহ মোহাম্মদ ফয়সাল দোকানের দায়িত্ব নিয়েছিলেন। তিনি দোকানে আসা ক্রেতাদের সঙ্গে বিভিন্ন বই নিয়ে আলোচনা করতেন। কে কোন বই পছন্দ করবেন, তা বুঝতে পারতেন। ফলে ক্রেতা ও পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল বইয়ের দোকানটি।

জিনাত বুক সাপ্লাই লিমিটেডের দোকানটি ভাড়া দিয়ে দিয়েছেন সৈয়দ আবু সালেহ মোহাম্মদ ফয়সাল। দোকানের বইগুলো ৪০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে।