
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ৩০ মের মধ্যে এসব স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শেখ ফজলে নূর তাপস। নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
শেখ ফজলে নূর তাপস বলেন, প্রতিটি ওয়ার্ডে ন্যূনতম ২০০ সদস্য নিয়ে স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে। এসব দলে শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটসে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা থাকবেন। তাঁদের বয়সসীমা থাকবে ১৬ থেকে ৩০ বছর পর্যন্ত। প্রতিটি ওয়ার্ডে থাকা বিপণিবিতানের নিরাপত্তারক্ষীরাও এ দলে অন্তর্ভুক্ত থাকবেন। তবে তাঁদের বয়সসীমা শিথিল করা হবে।
আগামী বাজেট থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ খাতে অর্থ বরাদ্দ রাখবে। এ জন্য স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ ও মহড়ায় যে ব্যয় হবে, তা সিটি করপোরেশন বহন করবে বলে জানান মেয়র।
শেখ ফজলে নূর তাপস আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ সিটিতে একটি জরুরি সাড়াদানকেন্দ্র বা ইমার্জেন্সি রেসপন্স সেন্টার প্রতিষ্ঠা করা হবে। আগামী জুনের মধ্যেই এটি চালু হবে।
এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় ‘দুর্ঘটনাস্থলে সামগ্রিক কার্যক্রম পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনা’বিষয়ক ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আহ্বায়ক এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; আর্মড ফোর্সেস ডিভিশন; ডিএমপি; স্বাস্থ্য অধিদপ্তর; ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর; ডিসিসিআই; জেলা প্রশাসন এবং রেড ক্রিসেন্টের প্রতিনিধি থাকবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘রাজউক ইতিমধ্যে ৪২টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং ১৯৭টি ভবন সংস্কারের সুপারিশ করেছে। এ তালিকা আগামী সাত দিনের মধ্যে রাজউক আমাদের কাছে হস্তান্তর করবে। সরকারি-বেসরকারি যা–ই হোক না কেন, এ ৪২টি ভবন কত দিনের মধ্যে ভেঙে ফেলা যায় এবং ১৯৭টি ভবন সংস্কার করে তা কত দিনের মধ্যে ব্যবহারোপযোগী করা যায়, সে বিষয়েও আশু পদক্ষেপ নেওয়া হবে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সামির সাত্তার; দক্ষিণ সিটির দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম ভাট্টি; করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সদস্যদের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মো. রেজাউল করিম; বিএনসিসির লেফটেন্যান্ট কর্নেল রাশেদ; দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. ফিরোজ উদ্দিন; রাজউক সদস্য মেজর (প্রকৌশলী) সামসুদ্দিন আহমদ; বিআরটিএর পরিচালক এ টি এম কামরুল ইসলাম; বিটিসিএলের উপমহাব্যবস্থাপক এ এম আবদুল্লাহ পাটওয়ারী; তিতাস গ্যাসের ব্যবস্থাপক মো. আবদুর রউফ; সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. এমদাদুল হক; ঢাকা জেলা প্রশাসন; ডিপিডিসি; গার্ল গাইডস; বাংলাদেশ স্কাউটস; কারিগরি শিক্ষা অধিদপ্তর; পানি উন্নয়ন বোর্ড; মহিলাবিষয়ক অধিদপ্তর; গণপূর্ত অধিদপ্তর; পানি উন্নয়ন বোর্ড; ক্যাব; বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর; বিসিআইসি; আনসার–ভিডিপি; ডিআরআরওয়ের প্রতিনিধি; করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।