চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ফেরিঘাট রোড এলাকা থেকে ১৯২ লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার গভীর রাতে তাঁদের আটক করা হয়। এ সময় চোলাই মদ সরবরাহের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছেন ফরিদুল আলম (২৫), নেজামউদ্দিন (২২) ও ফরিদুল আলম (২৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান জানান, চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য বান্দরবানের রেইসা এলাকা থেকে মদ পরিবহন করছিল আটক ব্যক্তিরা। এ ঘটনায় মামলা করা হয়েছে।