
করোনার ভুয়া প্রতিবেদন দেওয়ার ঘটনায় জেকেজি হেলথ কেয়ারের সাবরিনা আরিফ চৌধুরী এবং তাঁর স্বামী আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে।
আগামী ১৯ জুলাই মামলার রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন আজ এই দিন ঠিক করেছেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন সরকারি কৌসুলি আজাদ রহমান।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
মামলার বাদী কামাল হোসেন আদালতে বলেন, তাঁর স্ত্রীর করোনার নমুনা সংগ্রহ করে জেকেজির হুমায়ুন কবির। পরে জানতে পারেন জেকেজির সাবরিনা, হুমায়ুনসহ অন্যান্য পরীক্ষা নিয়ে প্রতারণা করেছেন। তখন তিনি মামলা করেন।
২০২০ সালের ২০ আগস্ট করোনার নমুনা জালিয়াতির মামলায় সাবরিনা, আরিফুল হকসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নিরপরাধ দাবি করেন।
আদালতে সাক্ষী কামাল হোসেন বলেন, রাজধানীর কল্যাণপুর এলাকার একটি বাসার তত্ত্বাবধায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। ওই বাসার মালিক সিরাজুল ইসলাম। বাসার মালিক সিরাজুলের করোনার উপসর্গ দেখা দিলে তাঁর ছেলে তাহমিদুল ইসলাম জেকেজি হেলথ কেয়ারের সঙ্গে যোগাযোগ করেন। পরে ওই বছরের ১২ জুন জেকেজির কর্মকর্তা হুমায়ুন কবির সিরাজুল ইসলামের করোনার নমুনা সংগ্রহ করেন। রাজধানীর বিজয় সরণির কলমিলতা সেন্টারের সামনে এই নমুনা সংগ্রহ করা হয়।
বাদী কামাল হোসেন আদালতকে আরও জানান, তাঁর মালিক সিরাজুল ইসলাম করোনার নমুনা দেওয়ার পর তিনি (কামাল), তাঁর স্ত্রী হাজেরা বেগম, গৃহকর্মী আকলিমা বেগমের করোনার নমুনা সংগ্রহ করেন জেকেজির হুমায়ুন কবির। তিনজনের নমুনা সংগ্রহ করার বিনিময়ে ১৫ হাজার টাকা দেন। পরে করোনার নমুনা পরীক্ষার প্রতিবেদন তাঁর মালিকের ছেলে তাহমিদুলের ই–মেইলে পাঠানো হয়। তিনজনের প্রতিবেদনে করোনা পজিটিভ ধরা পড়ে।
আদালতে দেওয়া জবানবন্দিতে কামাল হোসেন বলেন, টাকার বিনিময়ে করোনার নমুনা সংগ্রহ করেন জেকেজির হুমায়ুন কবির এবং তাঁর স্ত্রী তানজিনা পাটোয়ারী। ২২ জুন হুমায়ুন কবির তাঁর স্ত্রী হাজেরা বেগমের করোনার নমুনা সংগ্রহ করে। তখনো হুমায়ুন কবির তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নেন। পরে জানতে পারেন, হুমায়ুন কবির, তাঁর স্ত্রী তানজিনা পাটোয়ারী ও চিকিৎসক সাবরিনা প্রতারণা করেছেন। পরে তিনি বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন।
অভিযোগপত্রে বলা হয়, করোনা জালিয়াতিতে প্রধান ভূমিকা পালন করেছেন জেকেজির সাবরিনা ও তাঁর স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী। এ দুজন ছাড়াও মামলার অন্য ছয় অভিযোগপত্রভুক্ত আসামি হলেন জেকেজির সমন্বয়ক সাঈদ চৌধুরী, জেকেজির সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, তাঁর স্ত্রী তানজিনা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম ও জেবুন্নেসা।
করোনার নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালের ২৩ জুন জেকেজি হেলথ কেয়ারের কর্মচারী হুমায়ুন কবির ও তাঁর স্ত্রী তানজিনা পাটোয়ারীকে গ্রেপ্তার করে তেজগাঁও থানার পুলিশ। পরের দিন ২৪ জুন হুমায়ুন কবির ও তানজিনা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে হুমায়ুন কবীর জেকেজি হেলথ কেয়ারে চাকরি করার সময় কীভাবে করোনার নমুনা সংগ্রহ এবং ভুয়া রিপোর্ট তৈরি করেছেন, সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। হুমায়ুন কবির জবানবন্দিতে বলেন, করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করে ড্রেনে ফেলে দিতেন। এ ছাড়া শফিকুল ইসলামও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।