
চট্টগ্রামে গৃহবধূকে (৩৩) বাসে তুলে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আরেক আসামিকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামির নাম ইব্রাহিম খলিল ওরফে রাজু (২৪)। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এ আদেশ দেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, আসামি ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনায় আর কেউ জড়িত কি না, আসামির কাছ থেকে জানার চেষ্টা রয়েছে।
পুলিশ জানায়, গত রোববার দুপুরে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। গৃহবধূর স্বামী বাদী হয়ে রোববার রাতে চারজনের নামে মামলা করেন। ওই দিন রাতে পুলিশ জেলার হাটহাজারী ও ফটিকছড়িতে অভিযান চালিয়ে বাসটির চালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক নুরুল আলম, তাঁর সহকারী মোহাম্মদ রবিউল ও মো. শাহজাহান। পরে মঙ্গলবার ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।