জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে দুটি যাত্রীবাহী ট্রলারে গত রোববার সন্ধ্যায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা যাত্রীদের মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নেয়। উপজেলার বেলগাছা ইউনিয়নের চরবরুল এলাকা থেকে দুটি ট্রলার ৫০-৬০ জন যাত্রী নিয়ে গুঠাইল বাজারের উদ্দেশে ছেড়ে যায়। বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ার চর এলাকা অতিক্রমকালে একদল জলদস্যু ট্রলার দুটির গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে প্রায় দেড় লাখ টাকা ও অন্য মালামাল লুটে নেয়। বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।