
ধর্ষণের মামলা তুলে নিতে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগে মনজুরুল কাজী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার বন্দর থানার কলসি দিঘিরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী একজন পোশাকশ্রমিক। ১৬ বছর আগে বাবা মারা যাওয়ার পর তাঁর মা আবার বিবাহ করেন। পারিবারিক অসচ্ছলতার কারণে ভুক্তভোগীর মা, তিন বোন ও সৎবাবা একই কক্ষে বসবাস করেন। সৎবাবা প্রায়ই রাতে তাঁকে নানাভাবে বিরক্ত করতেন। মা বিষয়টি বুঝতে পেরে তাঁকে বিবাহ দেন। কিন্তু সৎবাবা ভুক্তভোগীর স্বামীর কাছে তাঁর চরিত্র নিয়ে আপত্তিকর কথা বলেন। এতে তাঁদের দাম্পত্যজীবনে কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে ছেড়ে স্বামী চলে যান। বাধ্য হয়ে ভুক্তভোগী পুনরায় মায়ের সংসারে চলে আসেন।
নুরুল আবছার আরও বলেন, গত ২৮ এপ্রিল ভুক্তভোগীকে তাঁর সৎবাবা রাতের খাবারের সঙ্গে কৌশলে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। ঘুমিয়ে পড়লে তাঁর শরীরের স্পর্শকাতর স্থানের ছবি মুঠোফোনে ধারণ করেন। ১ মে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। রাজি না হলে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর পরদিন জোর করে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ২৩ মে আদালতে মামলা করেন।
মামলা করায় সৎবাবা মনজুরুল ক্ষেপে যান উল্লেখ করে র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, তাঁর বিরুদ্ধে করা ধর্ষণের মামলা তুলে না নিলে তিনি ভুক্তভোগীর ছবিগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে বিষয়টি লিখিতভাবে র্যাবকে জানানো হলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।