শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি মোটরসাইকেল চুরি করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো উপজেলার শিমুলতলা গ্রামের ফারুক, আবুল হাশেম, মো. রাব্বানি, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঈমামপুর গ্রামের আলী আহম্মেদ ও পূর্ব লালপুর গ্রামের নাজমুল হাসান। মোটরসাইকেল চুরির ঘটনায় গত ২৭ অক্টোবর রাব্বানি ও আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ১৯ নভেম্বর ফারুককে পুলিশ গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার পুলিশ ফারুককে নিয়ে অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার মদনপুর এলাকা থেকে আলী ও নাজমুলকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।