বাবুল আক্তার–মাহমুদা খানমের দুই সন্তানের সঙ্গে কথা বলল পুলিশ

বাবুল আক্তার ও মাহমুদা খানম
ফাইল ছবি

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার ও মাহমুদা খানমের দুই সন্তানের সঙ্গে কথা বলেছে পুলিশ। গতকাল রোববার মাগুরায় গিয়ে জেলা সমাজসেবা কার্যালয়ে ডেকে এনে শিশু দুটিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা, চট্টগ্রাম পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর (পিবিআই) চট্টগ্রাম মেট্রো পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক।

পুলিশ সূত্রে জানা গেছে, ১২ ও ৭ বছর বয়সী দুই শিশুকে সেখানে নিয়ে যান বাবুলের বাবা পুলিশের সাবেক উপপরিদর্শক আবদুল ওয়াদুদ। তাঁদের সঙ্গে পরিবারের আরও কয়েকজন নারী সদস্যও ছিলেন।

মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আশাদুল ইসলাম প্রথম আলোকে জানান, হাইকোর্টের নির্দেশনা ছিল ওই দুই শিশুকে সমাজসেবা কার্যালয়ে উপপরিচালকের সামনে শিশু আইন মেনে জিজ্ঞাসাবাদ করার। সে অনুযায়ী সকাল ১০টায় তাঁর উপস্থিতিতে শিশু দুটির সঙ্গে কথা বলেন মামলা তদন্তকারী কর্মকর্তা। এ সময় তাদের দাদা উপস্থিত ছিলেন। মাঝে বিরতি দিয়ে বেলা একটা পর্যন্ত এ কার্যক্রম চলে।

পিবিআই কর্মকর্তা ওমর ফারুক আজ সোমবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাবুলের দুই সন্তানের সঙ্গে আদালতের নির্দেশনা মেনে কথা হয়েছে। তবে বড় ছেলে কৌশলে উত্তর দিয়েছে। তবে ঘটনার পুরো বর্ণনা দিয়েছে ছেলে—কীভাবে তার মাকে খুন করা হয়েছে। মেয়ের সঙ্গেও কথা হয়েছে।

থানা–পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে গত বছরের ১২ মে পাঁচলাইশ থানায় মামলা করেছেন। পিবিআই মামলাটি তদন্ত করছে। সর্বশেষ এহতেশামুল হক ওরফে ভোলা নামের এক আসামি বাবুলকে তাঁর স্ত্রীকে খুনের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে গত বছরের ২৩ অক্টোবর আদালতে জবানবন্দি দিয়েছেন। বাবুল আক্তার বর্তমানে ফেনী কারাগারে রয়েছেন।