টিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের সময় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের মূল রহস্য আড়াল করার চেষ্টা করছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য জানিয়েছে।
এ অবস্থায় টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে আবার পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সুইডেন আসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান।
রিমান্ড আবেদনে টিটন হত্যাকাণ্ডের নেপথ্যের বিরোধ, সুইডেন আসলামের সম্পৃক্ততা, অপরাধজগতে তাঁর প্রভাব এবং দীর্ঘ অপরাধজীবনের নানা তথ্য তুলে ধরেছে ডিবি। এতে বলা হয়েছে, রাজধানীর বছিলা গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় অপরাধজগতের একাধিক শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
ডিবি বলছে, আগের পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসলাম মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভ্রান্তিকর জবাব দিয়েছেন। তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন। অন্য আসামিদের অবস্থান সম্পর্কেও সদুত্তর দিতে পারেননি। তবে এর মধ্যেই মামলাসংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
গরুর হাটের ইজারা নিয়ে বিরোধ
রিমান্ড আবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের আগে খন্দকার নাঈম আহমেদ টিটন তাঁর বড় ভাই ও মামলার বাদী খন্দকার সাঈদ আক্তার রিপনকে ফোন করে কয়েকজনের সঙ্গে বিরোধের কথা জানিয়েছিলেন।
নাম বলা ব্যক্তিদের মধ্যে ছিলেন এ মামলায় গ্রেপ্তার রনি ওরফে ভাঙারি রনি, পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল এবং শাজাহানসহ অন্যরা। তাঁরা অপরাধজগতের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, বিরোধের সূত্র ছিল বছিলা গরুর হাটের ইজারার দরপত্র। এ বিরোধের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলেও বড় ভাইকে জানিয়েছিলেন টিটন।
তদন্ত কর্মকর্তার দাবি, স্থানীয় পর্যায়ে তদন্ত করে টিটন হত্যাকাণ্ডে সুইডেন আসলামের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গরুর হাটের ইজারা নিয়ে সৃষ্ট বিরোধেও তাঁর ইন্ধন ছিল বলে তদন্তে উঠে এসেছে।
টিটন হত্যার ঘটনায় চলতি বছরের ২৯ এপ্রিল নিউমার্কেট থানায় মামলা করা হয়।
কারাগারে থেকেও অপরাধজগতের সঙ্গে যোগাযোগ
সুইডেন আসলামের অপরাধজগতের বিস্তৃত নেটওয়ার্কের কথাও রিমান্ড আবেদনে তুলে ধরেছে ডিবি। এতে বলা হয়েছে, দীর্ঘদিন অপরাধজগতের সঙ্গে যুক্ত থেকে তিনি একটি বিস্তৃত অপরাধী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। আত্মগোপনে কিংবা দেশের বাইরে থেকেও তিনি অপরাধী চক্র নিয়ন্ত্রণ করেন বলে পুলিশের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।
ডিবি বলছে, আসলামের গড়ে তোলা অপরাধী চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে তাঁর নির্দেশে সহিংসতা ও অরাজকতা সৃষ্টি করে আসছেন। বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহেও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।
টিটন হত্যা ছাড়াও চলতি বছরের ২৭ মার্চ তেজগাঁও থানায় করা মাহফুজুল হক খান গালিব হত্যা মামলায় আসলামের নাম এসেছে। ওই মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তাঁকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ১৯৮৬ সালের শাকিল হত্যা এবং নব্বইয়ের দশকে কামরুন ও মিজান হত্যাসহ বিভিন্ন সময়ে করা নয়টি হত্যা মামলায় আসলাম অভিযুক্ত। এ ছাড়া চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে করা আরও প্রায় ২২টি মামলার আসামি তিনি।
দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। এরপর রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, মার্কেট দখলসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন বলে রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়েছে।
ডিবি বলছে, দীর্ঘদিন কারাগারে থাকলেও অপরাধজগতের সঙ্গে আসলামের যোগাযোগ ও তৎপরতা বন্ধ হয়নি। তাঁর প্রভাব ও ভয়ে বিভিন্ন মামলার সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করেছেন। এতে এসব মামলার বিচারিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
যে পাঁচ কারণে আবার রিমান্ডে আসলাম
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর নেপথ্যে কারা রয়েছেন, তা জানতে সুইডেন আসলামকে আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে মনে করছে ডিবি। এ জন্য পাঁচটি কারণ উল্লেখ করে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
কারণগুলো হলো—হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, সরাসরি হত্যায় অংশ নেওয়া ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ, হত্যার নির্দেশদাতাদের শনাক্ত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্রের উৎস শনাক্ত ও অস্ত্র উদ্ধার এবং অন্য আসামিদের গ্রেপ্তার।
এ ছাড়া জামিনে মুক্তি পেলে আসলাম আত্মগোপনে চলে যেতে পারেন এবং আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে ডিবি। এ কারণে তাঁর জামিনেরও বিরোধিতা করা হয়েছে।
এর আগে ২৩ নভেম্বর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে আটক করা হয়। পরে আদালতের আদেশে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি।